কসবায় হাড়হিম-কাণ্ড! মেয়ের সামনেই মাকে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী

মেয়ের চোখের সামনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্বপ্না সিং। তাঁর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন এবং দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

Published on: Mar 29, 2026, 20:35:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খাস কলকাতায় পারিবারিক বিবাদের জেরে হাড়হিম-কাণ্ড। রবিবার ভোররাতে মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এলাকায় জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কসবায় হাড়হিম-কাণ্ড! (HT_PRINT)
কসবায় হাড়হিম-কাণ্ড! (HT_PRINT)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর প্রায় ৪টে নাগাদ কসবার বোসপুকুর রোডে নৃশংস ঘটনাটি ঘটে। তবে সকাল সাড়ে ৬টা নাগাদ বিষয়টি পুলিশের নজরে আসে। মৃতার নাম স্বপ্না সিং (৪২)। স্বপ্না সিংকে গুরুতর জখম অবস্থায় কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (সিএনএমসি) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মহিলার মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, আর সেখান থেকেই সামনে আসে ঘটনার বিস্তারিত তথ্য। পুলিশকে ওই কিশোরী জানায়, ভোরে তার বাবা-মায়ের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা চরমে উঠতে কিছু বোঝার আগেই বিনোদ সিং ছুরি নিয়ে স্বপ্না সিংয়ের উপর হামলা চালান। স্বপ্নাকে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁকে বিনোদ।

মেয়ের চোখের সামনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্বপ্না। তাঁর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন এবং দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৫টা নাগাদ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিএনএমসি-তে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। পরে পরিবারের এক সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিনোদ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জন্য এই খুন। কিন্তু কী নিয়ে বিবাদ তা নিয়ে ধোঁয়াশা। মৃতার মেয়ে ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে পুলিশ। রবিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কসবা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত বিনোদ প্রায়শই মত্ত অবস্থায় বাড়ি ফিরতেন। স্ত্রী স্বপ্নার কাছে মদ্যপানের জন্য টাকা চাইতেন। বিনোদ রোজগার করতেন না। স্বপ্না টাকা না দিলেই অশান্তি করতেন। শনিবার রাতেও তাঁদের মধ্যে টাকা নিয়ে অশান্তি হয়েছিল। স্ত্রীকে মারধরও করতেন বলেও অভিযোগ জানিয়েছেন প্রতিবেশীরা।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল এই কসবায়। দক্ষিণ কলকাতার কসবা এলাকার একটি নামী হোটেলে খুন হন বীরভূমের দুবরাজপুরের যুবক আদর্শ লোসালকা (৩৩)। রাতারাতি ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দুই জেলাতেই। আরও চাঞ্চল্যকর, খুনের ধরনে পার্ক স্ট্রিটের সাম্প্রতিক ঘটনার মিল খুঁজে পেয়েছে পুলিশ।