কলকাতা মেট্রোর নামবদলের তোড়জোড়! উত্তম কুমার, নেতাজি, মাস্টারদার নামের বদলে ফিরতে পারে এলাকার পরিচয়

শুক্রবার কলকাতা পুরসভার সদর দপ্তরে বৈঠকে বসেছিল রাজ্য সরকারের তৈরি ১০ সদস্যের নামকরণ কমিটি। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নেতৃত্বে এই বৈঠকে কলকাতার বিভিন্ন রাস্তা এবং মেট্রো স্টেশনের নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়।

Published on: Nov 28, 2026, 14:05:04 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কলকাতা মেট্রোর একাধিক স্টেশনের নাম বদলানোর উদ্যোগ শুরু হল। মহানায়ক উত্তম কুমার, নেতাজি, মাস্টারদা সূর্য সেনের মতো বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিত্বদের নামে থাকা স্টেশনগুলির নাম বদলে সংশ্লিষ্ট এলাকার নামে রাখার প্রস্তাব উঠেছে। রাজ্য সরকারের তৈরি নামকরণ কমিটি এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিটির যুক্তি, বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে স্টেশনের নাম থাকায় অনেক সময় সাধারণ যাত্রীরা বিভ্রান্ত হন। বিশেষ করে যাঁরা নিয়মিত কলকাতায় যাতায়াত করেন না, তাঁদের ক্ষেত্রে সমস্যা বেশি হয়। তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এলাকার নামে স্টেশনগুলির নামকরণের উদ্যোগ।

কলকাতা মেট্রোর নামবদলের তোড়জোড়! উত্তম কুমার, নেতাজি, মাস্টারদার নামের বদলে ফিরতে পারে এলাকার পরিচয়
কলকাতা মেট্রোর নামবদলের তোড়জোড়! উত্তম কুমার, নেতাজি, মাস্টারদার নামের বদলে ফিরতে পারে এলাকার পরিচয়

শুক্রবার কলকাতা পুরসভার সদর দপ্তরে বৈঠকে বসেছিল রাজ্য সরকারের তৈরি ১০ সদস্যের নামকরণ কমিটি। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নেতৃত্বে এই বৈঠকে কলকাতার বিভিন্ন রাস্তা এবং মেট্রো স্টেশনের নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা কমিটির সদস্য তথাগত রায় এবং কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে।

কমিটির সদস্য তথাগত রায় জানিয়েছেন, বেশ কিছু মেট্রো স্টেশনের নাম শুনে যাত্রীরা বুঝতে পারেন না সেগুলি ঠিক কোন এলাকায় অবস্থিত। শহীদ ক্ষুদিরাম, গৌরকিশোর ঘোষ এবং জ্যোতিরিন্দ্র নন্দীর মতো স্টেশনের নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তাই যে এলাকায় স্টেশন রয়েছে, সেই এলাকার নামেই স্টেশনগুলিকে চিহ্নিত করার পক্ষপাতী কমিটি। প্রাথমিক ভাবে ১৫টি মেট্রো স্টেশনের নাম বদলের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি।

কোন কোন স্টেশনের নাম বদলানোর প্রস্তাব?

প্রস্তাব অনুযায়ী, ব্লু লাইনের পাঁচটি স্টেশনের নাম বদলানোর কথা ভাবা হচ্ছে।

- নেতাজি ভবন মেট্রো স্টেশনের নাম হতে পারে ভবানীপুর।

- মহানায়ক উত্তম কুমার স্টেশনের নাম হতে পারে টালিগঞ্জ।

- নেতাজি স্টেশনের নাম হতে পারে কুঁদঘাট।

- মাস্টারদা সূর্য সেন স্টেশনের নাম হতে পারে বাঁশদ্রোণী।

- গীতাঞ্জলি স্টেশনের নাম হতে পারে নাকতলা।

অর্থাৎ, দীর্ঘদিন ধরে পরিচিত কয়েকটি স্টেশনের নাম বদলে পুরনো এলাকার পরিচয় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। শুধু ব্লু লাইন নয়, অরেঞ্জ লাইনের কয়েকটি স্টেশনের নামও এলাকার পরিচয়ে বদলে দেওয়ার প্রস্তাব রয়েছে। সেই তালিকায় রয়েছে সত্যজিৎ রায়, জ্যোতিরীন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং বরুণ সেনগুপ্তের নামে থাকা স্টেশনগুলিও। তবে অরেঞ্জ লাইনের ক্ষেত্রে কোন স্টেশনের কী নাম হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল বোর্ড

মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের ক্ষেত্রে রাজ্য সরকারের পাশাপাশি রেল মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, স্টেশনের নাম নির্ধারণে তাদের সরাসরি কোনও ভূমিকা নেই। রাজ্য সরকারের তরফে প্রস্তাব এলে তা রেল বোর্ডের কাছে পাঠানো হয়। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রেল বোর্ড। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ণচন্দ্র দাস জানিয়েছেন, এই বিষয়ে এখনও তাঁদের কাছে কোনও সরকারি প্রস্তাব আসেনি।

এদিকে শুধু মেট্রো স্টেশন নয়, কলকাতার ১৬টি গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তন নিয়েও আলোচনা করেছে কমিটি। লেনিন সরণি, হো চি মিন সরণি, কার্ল মার্কস সরণি, স্ট্র্যান্ড রোড এবং বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তনের প্রস্তাব রয়েছে। আগামী ৯ ডিসেম্বর ফের বৈঠকে বসবে কমিটি। সেখানেই নাম পরিবর্তনের বিষয়গুলি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা।

সব মিলিয়ে কলকাতার পরিচিত রাস্তা ও মেট্রো স্টেশনের নাম নিয়ে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা চলছে। তবে এখনও কোনও নাম বদল চূড়ান্ত হয়নি। প্রস্তাব কার্যকর হলে শহরের মেট্রো মানচিত্রে বেশ কিছু পরিচিত নাম হারিয়ে গিয়ে ফিরে আসতে পারে এলাকার পুরনো পরিচয়।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।