Garia: চপস্টিক, কাঁচি নাকি চুলের কাঁটা! গড়িয়ায় লিভ-ইন সঙ্গী খুনে 'অস্ত্র' রহস্য, বারবার বয়ান বদল প্রেমিকা ও তাঁর মায়ের

Garia Live-in Murder Case: মঙ্গলবার সকালে ঘটনার পুনর্নির্মাণের জন্য ওই ফ্ল্যাটে সঞ্চালিকা বসু ও মৌমিতা বসুকে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার রাতে ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা চলছে।

Published on: Nov 10, 2026, 15:12:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Garia Live-in Murder Case: গড়িয়ার ফরতাবাদের ভাড়া ফ্ল্যাটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সার্থক সরকারের মৃত্যুর ঘটনায় এখনও উদ্ধার হয়নি খুনে ব্যবহৃত সন্দেহভাজন অস্ত্র। তদন্তকারীদের অনুমান, সরু ও ধারালো কোনও বস্তু দিয়ে তাঁর গলায় আঘাত করা হয়ে থাকতে পারে। সম্ভাব্য অস্ত্র হিসেবে চপস্টিক, কাঁচি কিংবা চুলের কাঁটার মতো জিনিসের কথা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় সার্থকের লিভ-ইন সঙ্গী সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসু গ্রেফতার হয়েছেন। তবে কে আঘাত করেছিলেন এবং ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়।

গড়িয়ায় লিভ-ইন সঙ্গী খুনে 'অস্ত্র' রহস্য, বারবার বয়ান বদল প্রেমিকা ও তাঁর মায়ের (সৌজন্যে এক্স )
গড়িয়ায় লিভ-ইন সঙ্গী খুনে 'অস্ত্র' রহস্য, বারবার বয়ান বদল প্রেমিকা ও তাঁর মায়ের (সৌজন্যে এক্স )

পুলিশের তদন্তে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঘটনার রাতের ধারাবাহিকতা পুনর্গঠন। ফরতাবাদের ওই ফ্ল্যাটে সার্থক সরকার ও সঞ্চালিকা বসুর মধ্যে বচসা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। সেই বিবাদের সময়ই পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে বলে প্রাথমিক অনুমান। তবে আঘাতের ধরন এবং ব্যবহৃত বস্তুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে ফরেন্সিক পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা। এই ঘটনায় সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করা হয়েছে। দু’জনকেই জিজ্ঞাসাবাদ করে ঘটনার আগের পরিস্থিতি এবং খুনের পর কী হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। বিশেষ করে ঘটনার সময় বাড়িতে কে কোথায় ছিলেন, কীভাবে সার্থক আক্রান্ত হলেন এবং পরে কী পদক্ষেপ করা হয়েছিল, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

মঙ্গলবার সকালে ঘটনার পুনর্নির্মাণের জন্য ওই ফ্ল্যাটে সঞ্চালিকা ও মৌমিতাকে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার রাতে ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা চলছে। পুলিশের দাবি, সঞ্চালিকা আইনের ছাত্রী ফলে কীভাবে কী বললে, আইনের চোখে ধুলো দেওয়া যায়, সেবিষয়ে তাঁর জানা আছে। তাই বয়ান অদলবদল করছেন বারবার। মৌমিতা ও সঞ্চালিকার কোনও কথাই সেভাবে মিলছে না। তাই কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না। তদন্তকারীদের নজরে প্রথমেই এসেছে সার্থকের গলায় আঘাতের ধরন। তাঁদের অনুমান, কোনও সরু ও ছুঁচালো বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে। সম্ভাব্য অস্ত্র হিসেবে চপস্টিকের কথাও উঠে এসেছে। পাশাপাশি কাঁচি বা চুলের কাঁটার মতো অন্য কোনও বস্তু ব্যবহার করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও অস্ত্র উদ্ধার হয়নি। ফলে চপস্টিক দিয়ে খুনের তত্ত্বকে নিশ্চিত তথ্য হিসেবে দেখছে না পুলিশ।

ঘটনার রাতে ফ্ল্যাটে কী হয়েছিল, তা নিয়েও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন থেকে সার্থক ও সঞ্চালিকার মধ্যে তীব্র বচসা শুরু হয়েছিল। একে অপরের বিরুদ্ধে অন্য সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেছিলেন তাঁরা বলে তদন্তকারীদের দাবি। সেই বিবাদ থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সঞ্চালিকা ও তাঁর মা মৌমিতা বসুর বক্তব্যে অসঙ্গতি মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, এক পর্যায়ে সঞ্চালিকা জানিয়েছিলেন, কাঁচি দিয়ে সার্থক নিজেই নিজের গলায় আঘাত করেছিলেন। আবার অন্য সময় তিনি ঘটনার মুহূর্তে কী হয়েছিল, তা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন। এই বয়ানগুলির সত্যতা যাচাই করছে পুলিশ। মা-মেয়ের বক্তব্যের সঙ্গে ঘটনাস্থলের নমুনা ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখছেন তদন্তকারীরা।

মৌমিতা বসুর ভূমিকা নিয়েও তদন্ত চলছে। পুলিশের অনুমান, বচসা চলাকালীন চিৎকার শুনে তিনি ঘরে এসেছিলেন। কিন্তু তার পরে কী ঘটেছিল, সার্থককে সাহায্য করার চেষ্টা হয়েছিল কিনা এবং ঘটনার সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। দু’জনকেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে তাঁদের পৃথক ভূমিকা নির্দিষ্ট করতে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তদন্তকারীরা মনে করছেন। এই ঘটনায় তৃতীয় কোনও ব্যক্তির ভূমিকা রয়েছে কিনা, তা নিয়েও তদন্ত চলছে। সার্থক ও সঞ্চালিকা একে অপরের বিরুদ্ধে অন্য সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেছিলেন বলে পুলিশের দাবি। কিন্তু সেই অভিযোগের সঙ্গে বাইরের কারও সরাসরি যোগ রয়েছে, এমন কোনও তথ্য এখনও সামনে আসেনি। ধৃতদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ মিলিয়ে বিষয়টি যাচাই করছেন তদন্তকারীরা। এদিকে, তদন্তকারীরা এও মনে করছেন, শনিবার রাতে সার্থক ও সঞ্চালিকা মদ্যপান করেন। সেই সময়ই দু'জনের মধ্যে বচসা হয়। যার জেরে দু'জনের মধ্যে হাতাহাতি হতে হতে সঞ্চালিকা ধারালো কিছু দিয়ে সার্থককে আঘাত করেন এবং তাঁর মৃত্যু হয়। ঠিক কী হয়েছিল, তা এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না।

এই ঘটনায় সঞ্চালিকা ও তাঁর মাকে গ্রেফতার করা হলেও তদন্তের একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। সার্থকের গলায় ঠিক কোন বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল, কে সেই আঘাত করেছিলেন এবং মৌমিতা বসুর ভূমিকা কী ছিল—এই তিনটি বিষয়ই এখন তদন্তের কেন্দ্রে। ফরেন্সিক রিপোর্ট, ময়নাতদন্তের ফল এবং অভিযুক্তদের বক্তব্য যাচাইয়ের পরেই ঘটনার পূর্ণ ছবি সামনে আসতে পারে।