নাম বাদ খোদ AERO-র! চূড়ান্ত তালিকা দেখেই বিস্মিত ময়নাগুড়ির বিডিও, শোরগোল...
দীর্ঘ প্রায় দু’বছর ধরে ময়নাগুড়িতে ব্লক ডেভলপমেন্ট অফিসার পদে কর্তব্যরত প্রসেনজিৎ কুণ্ডু।
বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে শনিবার, ২৮ ফেব্রুয়ারি। কিন্তু তাতেও এসআইআর বিতর্ক থামছে না। বহু ব্যক্তির নামের পাশে লেখা বিচারাধীন। কিন্তু তালিকায় যেমন রয়েছেন প্রশাসক, জনপ্রতিনিধি, তেমনই রয়েছেন বিশ্বজয়ীও। আবার চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়েছে বহু জনের। এরমধ্যেই দেখা গেল এসআইআর তালিকা থেকে বাদ পড়ল খোদ জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর নাম। আর এই ঘটনায় বিস্মিত প্রশাসনিক মহল। চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও।

দীর্ঘ প্রায় দু’বছর ধরে ময়নাগুড়িতে ব্লক ডেভলপমেন্ট অফিসার পদে কর্তব্যরত প্রসেনজিৎ কুণ্ডু। তিনি আলিপুরদুয়ার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আলিপুরদুয়ার বিধানসভার ভোটার। প্রসেনজিৎ কুণ্ডু খোদ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। পালন করছেন এইআরও-র ভূমিকা। তারপরেও ভোটার তালিকায় নিজের নাম বাদ পড়ার ঘটনায় নিজেই বিস্মিত। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। এই ঘটনায় তাজ্জব উত্তরবঙ্গের প্রশাসনিক মহল। তবে আলিপুরদুয়ারের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থপ্রতিম ঘোষ বলেন, 'এতদিন ধরে প্রশাসনিক পদে থাকার পর বিডিওর নাম বাদ চমকে দেওয়ার মতো বিষয়। নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এই কাজ করায় এত অসঙ্গতি। বিডিওর সঙ্গে এই রকম হলে আমজনতার সঙ্গে কী হয়েছে তা সহজেই অনুমান করা যায়।'
খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তবে শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী যে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। যা বিবেচনা করছেন বিচারকেরা। এরমধ্যে থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে। গত বছর ২৭ অক্টোবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কথা জানিয়েছিল কমিশন। তখন রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এনুমারেশন পর্ব শেষে গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হয়। ওই তালিকা থেকে বাদ পড়েন ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। তালিকায় নাম ওঠে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের।
E-Paper











