CM Suvendu Adhikari: ‘কন্যাশ্রী’ ও ‘সবুজ সাথী’র নাম বদল! সুযোগ-সুবিধা কী একই থাকছে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুষ্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রকল্পগুলির নাম বদলালেও ছাত্রছাত্রীদের জন্য সরকারের এই আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা আগের মতোই সম্পূর্ণভাবে চালু থাকবে।
CM Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর জনকল্যাণমূলক প্রকল্পগুলির নতুন পরিচয় দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখল বর্তমান প্রশাসন। এর আগে বাংলায় নতুন সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার হয়েছে অন্নপূর্ণা যোজনা। বেড়েছে বরাদ্দ। অন্যদিকে, যুবসাথী হয়েছে যুবশক্তি। এবার রাজ্যের জনবহুল দুটি জনপ্রিয় সরকারি প্রকল্পের নাম পরিবর্তনের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে এক সাংবাদিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ২০১৩ সালে চালু হওয়া জনপ্রিয় ‘কন্যাশ্রী’ প্রকল্পের নাম বদলে এবার থেকে রাখা হচ্ছে ‘কন্যারত্ন।’ পাশাপাশি, স্কুল ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের বহুল প্রচলিত ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘সারথী।’

সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুষ্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রকল্পগুলির নাম বদলালেও ছাত্রছাত্রীদের জন্য সরকারের এই আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা আগের মতোই সম্পূর্ণভাবে চালু থাকবে। ছাত্রছাত্রীদের কল্যাণে নেওয়া এই প্রকল্পগুলির রূপায়ণে কোনও খামতি রাখা হবে না। তিনি বলেন, 'ছাত্রছাত্রীদের জন্য যা যা করার, তার সবই করা হবে।' রাজ্য সরকারের এই নতুন নামকরণের ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
নাম বদলের ঘোষণার পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে, প্রকল্পের সুবিধাভোগীদের জন্য কোনও নতুন নিয়ম আসছে কিনা। সেই জল্পনা উড়িয়ে দিয়ে সরকার জানিয়েছে, এই মুহূর্তে প্রকল্পের আর্থিক সহায়তা বা পরিষেবার ধরনে কোনও পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ, যাঁরা এতদিন যে সুবিধা পেতেন, নতুন নামেও তা একইভাবে চালু থাকবে। খুব শীঘ্রই এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। আগামী দিনে পরিকাঠামোয় কোনও বদল আনা হবে কিনা, সেই বিষয়ে কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফে।
কন্যাশ্রী থেকে ‘কন্যারত্ন’
২০১৩ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মূলত ছাত্রীদের স্কুলছুট রোধ ও আর্থিক সাহায্য প্রদান করতে ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করা হয়েছিল। আন্তর্জাতিক মঞ্চেও এই প্রকল্প প্রশংসিত হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীরা প্রতি বছর ১ হাজার টাকা এবং বয়স ১৮ পূর্ণ হলে অবিবাহিত থাকাকালীন এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে। এছাড়া স্নাতকোত্তর স্তরেও এর সুবিধা দেওয়া হয়। আন্তর্জাতিক স্তরেও একাধিক পুরস্কার অর্জন করেছিল এই প্রকল্প। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১৪ অগাস্ট যে কন্যাশ্রী দিবস পালন করা হতো, সেই নিয়ম ও দিনটি বজায় থাকবে। তবে তার নতুন নাম হবে ‘কন্যারত্ন’ দিবস।
সবুজ সাথী থেকে ‘সারথী’
অন্যদিকে, পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য সাইকেল বিতরণের যে ‘সবুজ সাথী’ প্রকল্প রাজ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল, তারও নাম বদলে দেওয়া হলো। এখন থেকে এই প্রকল্পের নতুন নাম হবে ‘সারথী।’ সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের দেওয়া হত সাইকেল। বিনামূল্যেই সাইকেল বিতরণ করত বিগত সরকার। নতুন সরকারও একইভাবে সাইকেল বিতরণ করবে।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকার জানিয়ে এসেছে, আগের সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলি বন্ধ না করে নতুন পরিচয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সেই নীতির ধারাবাহিকতায় একের পর এক প্রকল্পের নাম বদল করা হচ্ছে। এবার কন্যাশ্রী ও সবুজসাথীর নতুন নাম ঘোষণার মধ্য দিয়ে সেই তালিকায় আরও দুটি সংযোজন হল। সরকারের দাবি, পরিচয় বদলালেও জনস্বার্থে চালু থাকা পরিষেবা আগের মতোই অব্যাহত থাকবে।
E-Paper

