West Bengal Assembly Electioon 2026: আলিমুদ্দিনে বিমান, নৌশাদ বৈঠক শেষ! বুধে আইএসএফ-বাম বড় ঘোষণা?
কী জানালেন নৌশাদ?
শিয়রে ভোট। ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কি শেষমেশ দেখা যাবে আইএসএফ-বাম জোট? মঙ্গলে আলিমুদ্দিনে বৈঠকে বসেছিলেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি ও বামফ্রন্ট চেযারম্যান বিমান বসু। এরপরই নওশাদ জানিয়েছেন, বামফ্রন্টের সঙ্গে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) জোটের আনুষ্ঠানিক ঘোষণা বুধবার হতে পারে।

আসন্ন নির্বাচনে দুই পক্ষের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনা হয় নওশাদ ও বিমান বসুর। মঙ্গলের দুপুরেই আলিমুদ্দিনে পৌঁছন নৌশাদ। বৈঠক শেষ হতেই নওশাদ জানিয়েছেন, সম্ভবত বুধবার দুই পক্ষের জোটের বার্তা দেওয়া হতে পারে। জানা গিয়েছে, দেড় ঘণ্টার বেশি সময় ধরে এই দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। বৈঠক শেষে নওশাদ জানান,'জোট নিয়ে সিদ্ধান্ত নিতে আমরা বৈঠকে বসেছিলাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামিকাল হবে। জেলাভিত্তিক এবং লোকসভাভিত্তিক আলোচনা হচ্ছে।' একইসঙ্গে তিনি বলেন, 'লোকসভাভিত্তিক কারা কোন জায়গায় দাঁড়ালে ভাল হয়। কী ভাবে মোবিলাইজ় করা যায়। এ সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।' নওশাদ আরও বলেন,'বামেদের পক্ষে তাদের চেয়ারম্যান বিমানস্যর এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। তিনি বুধবার আবার আমাকে বৈঠকে আসতে বলেছেন। সেই দিন আসন সংক্রান্ত বিষয় সবকিছু চূড়ান্ত হবে।'
যে প্রশ্ন নিয়ে জল্পনার পারদ চড়েছে, তা হল, কোনপক্ষ কতগুলি আসন পাবে। তার উত্তরে নওশাদ জানান, আসন সংখ্যার বণ্টন বিষয়টি এখনও আলোচনার টেবিলে রয়েছে। তবে তিনি জানান, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে বোঝা যাবে, নওশাদদের আবেদনের প্রেক্ষিতে কতগুলি আসন তাঁরা হাতে পেলেন,সেই হিসাবের খতিয়ান। নওশাদের সাফ বক্তব্য,'বেশ কিছু আসনের ক্ষেত্রে আমরা অনড় রয়েছি, আবার এমন কিছু আসন রয়েছে যে ক্ষেত্রে বামেরাও অনড় রয়েছে। কয়েকটি আসন নিয়ে আমরা কোনও ভাবেই সমঝোতা করতে পারব না, তা তাদের জানিয়েছি।' এছাড়াও জানা যাচ্ছে, এই জোটে বামফ্রন্ট এবং আইএসএফ ছাড়া আরও কিছু রাজনৈতিক ও সামাজিক শক্তি শামমিল হতে পারে। জোটে শামিল হতে চেয়ে বেশ কিছু রাজনৈতিক দল আইএসএফের কাছে আবেদন জানিয়েছিল বলেও দাবি করেছেন ফুরফুরা শরিফের এই পিরজাদা। সব মিলিয়ে আপাতত নজর বুধে!
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


