WB Railways Projects: দিঘা, পুরুলিয়া-সহ ৫ জায়গায় হল্ট স্টেশনের ঘোষণা! ১৭৬.৯৯ কোটির আরও ১ উপহার বাংলাকে
বিধানসভা ভোট প্রায় এসেই গিয়েছে। তার আগে উপহারের থলি বড়ই হয়ে চলেছে। এবার পশ্চিমবঙ্গে পাঁচটি হল্ট স্টেশন তৈরির সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। সেইসঙ্গে তৈরি করা হবে একটি রোড ওভারব্রিজও। খরচ পড়বে প্রায় ২০০ কোটি টাকা।
বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রেলের ঝাঁপি উপুড় করেই রাখল কেন্দ্রীয় সরকার। হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন (যা দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন), একগুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস, একগুচ্ছ নয়া লাইনে অনুমোদন দেওয়ার পরে এবার পাঁচটি হল্ট স্টেশনের ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেই হল্ট স্টেশনগুলি তৈরি করা হবে। তাছাড়াও লেভেল ক্রসিং তুলে দিয়ে একটি নয়া রোড ওভারব্রিজ তৈরিরও ঘোষণা করল রেল মন্ত্রক। সেজন্য প্রায় ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

জঙ্গলপাড়ায় হল্ট স্টেশন
হাওড়া-গোঘাট শাখায় জঙ্গলপাড়ায় (পূর্বতন রসুলপুর) হল্ট স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নয়া হল্ট স্টেশনের ফলে তালপুর এবং টাকিরুক হল্টের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে।
চণ্ডীপুরে নয়া হল্ট স্টেশন
দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের পাঁশকুড়া-দিঘা লাইনের কালিকাখালি এবং লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনের মধ্যে চণ্ডীপুর হল্ট স্টেশন তৈরি করা হবে। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক।
সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছে হল্ট স্টেশন
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আদ্রা ডিভিশনের পুরুলিয়া-গৌরীনাথধাম শাখায় সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছে একটি নয়া হল্ট স্টেশন তৈরি করা হবে। আর সেই নয়া হল্ট স্টেশনের ফলে পড়ুয়াদের যেমন সুবিধা হবে, তেমনই লাভবান হবেন স্থানীয় বাসিন্দারা।
সিধি জামরায় নয়া হল্ট স্টেশন
আদ্রা ডিভিশনের রাধাগাঁও এবং পুনদাগ স্টেশনের মধ্যে সিধি জামরা হল্ট স্টেশন তৈরির প্রস্তাবে অনুমোদন দিল রেলওয়ে বোর্ড। যে হল্ট স্টেশনের ফলে নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন বলে রেলের তরফে দাবি করা হয়েছে।
নসিপুর হল্ট স্টেশন তৈরির অনুমোদন
মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জের মধ্যে নসিপুর হল্ট স্টেশন তৈরি করা হবে। এখন নসিপুরের মানুষকে ট্রেন ধরার জন্য মুর্শিদাবাদ জংশনে যেতে হয়। নসিপুর হল্ট স্টেশন তৈরি হলে সেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
লেভেল ক্রসিংয়ের পরিবর্তে পশ্চিমবঙ্গে রোড ওভারব্রিজ
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মালাদাহ হল্ট এবং সামসির মধ্যে ১০১ নম্বর লেভেল ক্রসিং তুলে দেওয়া হবে। পরিবর্তে একটি রোড ওভারব্রিজ তৈরি করবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। সেজন্য খরচ ধরা হয়েছে ১৭৬.৯৯ কোটি টাকা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


