Sittong Tragedy: দু’মাসের লড়াই শেষ! সিটঙে মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে দগ্ধ নববধূ নিকিতা সাহা হার মানলেন

Sittong Homestay Tragedy: গত ১৩ সেপ্টেম্বর সিটঙের একটি হোমস্টেতে দুর্ঘটনাটি ঘটেছিল। সেখানে বারান্দায় বার্বিকিউয়ের আয়োজন করেছিলেন নবদম্পতি। সেই সময় আগুনের তীব্র শিখা ছড়িয়ে পড়ে নিকিতা সাহার শরীরে।

Published on: Nov 19, 2026, 13:25:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Sittong Homestay Tragedy: অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন নিকিতা সাহা। দার্জিলিংয়ের সিটঙে মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে গুরুতর দগ্ধ হয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার নববধূ নিকিতা সাহা। প্রায় দু’মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চার দিন আগে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিকিতা সাহার শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠায় তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিকিতা সাহার। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সিটঙে মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে দগ্ধ নববধূ নিকিতা সাহা হার মানলেন (সৌজন্যে এক্স)
সিটঙে মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে দগ্ধ নববধূ নিকিতা সাহা হার মানলেন (সৌজন্যে এক্স)

বিয়ের পর নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন নিকিতা সাহা ও তাঁর স্বামী সমীর দাস। গত ১৩ সেপ্টেম্বর সিটঙের একটি হোমস্টেতে দুর্ঘটনাটি ঘটেছিল। সেখানে বারান্দায় বার্বিকিউয়ের আয়োজন করেছিলেন নবদম্পতি। সেই সময় আগুনের তীব্র শিখা ছড়িয়ে পড়ে নিকিতার শরীরে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তাঁর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছে। পরবর্তীতে শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয় এবং এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কীভাবে ঘটেছিল দুর্ঘটনা?

হোমস্টের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, বারান্দায় বার্বিকিউয়ের সামনে বসেছিলেন নিকিতা ও সমীর। তাঁদের সামনে আগুনের ব্যবস্থা করা হচ্ছিল। সেই সময় এক ব্যক্তি বার্বিকিউয়ের আগুনে কোনও তরল পদার্থ ঢালতেই আচমকা দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে নিকিতার শরীরে। স্ত্রীকে বাঁচাতে দ্রুত নিজের পরনের জামা খুলে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন সমীর। এই ঘটনায় তাঁরও হাতে চোট লাগে। পরে নিকিতার স্বামী হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। তাঁর দাবি ছিল, আগুনের তাপ বাড়াতে বার্বিকিউয়ে তেলের ড্রাম ছুঁড়ে ফেলা হয়েছিল।

তবে সমীরের অভিযোগ অবশ্য মানতে চাননি হোমস্টে কর্তৃপক্ষ। মালিক নেহাল আইরনের দাবি, সিসি ক্যামেরার ফুটেজে দম্পতির সঙ্গে তৃতীয় যে ব্যক্তিকে দেখা গিয়েছে, তিনি তাঁদের কর্মচারী নন। বার বার সতর্ক করা সত্ত্বেও ওই দম্পতি আগুনের খুব কাছে বসেছিলেন দাবি তাঁর। মালিক বলেন, ‘বার্বিকিউ চলছিল। তার মধ্যেই ওঁরা রাতের খাবারের অর্ডার দেন। আমাদের কর্মী তার ব্যবস্থা করতে গিয়েছিলেন। ওঁদের বার বার সতর্ক করা হয়েছিল। আগুন থেকে দূরে থাকতে বলা হয়েছিল। আমাদের কর্মী চলে যাওয়ার ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে তৃতীয় এক জনকে ওঁরা ডাকেন এবং জানান, ঠান্ডা লাগছে। কেরোসিন ঢেলে আগুন বাড়িয়ে দিতে বলেছিলেন ওঁরা। ওই ব্যক্তি আমাদের হোটেলের কেউ নন।’ তরুণী নাইলনের পোশাক পরেছিলেন বলে দাবি করেছেন হোমস্টে কর্তৃপক্ষ। তার ফলে আগুন আরও দ্রুত তাঁর শরীরে ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা নিয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।