Gadkari: কলকাতায় US-র মতো রাস্তার প্রতিশ্রুতি গড়করির! ওদিকে, গুজরাটের মহাসড়কে সেনার তাবড় কর্মকাণ্ড নিয়ে করলেন পোস্ট

Nitin Gadkari: কেন্দ্রীয় মন্ত্রী জানান, বারাণসী-কলকাতা হাইওয়ের ডিটেইল্ড প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। মন্ত্রিসভায় তা জমাও পড়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে মাত্র পাঁচ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী যাওয়া সম্ভব হবে।

Published on: Nov 26, 2026, 18:33:48 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Nitin Gadkari: পালাবদলের পর থেকেই ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছে বাংলা। ইতিমধ্যেই রাজ্যে একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু হয়েছে। এবার রাজ্যে সড়কপথ উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। একই সঙ্গে ঘোষণা করলেন একাধিক সড়ক সম্প্রসারণ প্রকল্পেরও। বিগত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গকে লন্ডন করে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, দিঘা হবে গোয়ার মতো। তবে বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যের রাস্তাঘাট মার্কিন যুক্তরাষ্ট্রের মতো করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী।

কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (@nitin_gadkari)
কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (@nitin_gadkari)

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, ‘৩ লক্ষ কোটি টাকা খরচ করেছি। ২ লক্ষ কোটি টাকার প্রজেক্ট চলছে। আগামী দিনে ১ লক্ষ কোটি টাকার প্রকল্প হবে। ৫ বছরের মধ্যে রাজ্যের সমস্ত জাতীয় সড়ক মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তার মতো হবে। পশ্চিমবঙ্গের চেহারা বদলে দেব, এটা আমাদের দায়িত্ব।’ আলাদা করে কলকাতার রাস্তাঘাট উন্নয়নের কথাও বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, কলকাতার জন্য আলাদা মডেল বেছে নেওয়া হবে। তাতে যানজট থেকেও মুক্তি মিলবে। সাম্প্রতিক কালে শহরের রাস্তাঘাটে যানজটের সমস্যা নিয়ে নানা অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীর এই প্রতিশ্রুতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নীতিন গড়করি বলেন, ‘মুম্বই দিল্লির চেহারা পাল্টে দিয়েছি। কলকাতার জন্য বিশেষ মডেল বেছে নেব। সেই মডেলে মেট্রোও চলবে, যানজট থেকে মুক্তিও মিলবে। অর্থের কোনও অভাব হতে দেব না। আপনারা টাকা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন। আমি দিতে দিতে ক্লান্ত হব না।’ তিনি জানান, বারাণসী-কলকাতা হাইওয়ের ডিটেইল্ড প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। মন্ত্রিসভায় তা জমাও পড়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে মাত্র পাঁচ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী যাওয়া সম্ভব হবে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, ‘আমি কলকাতাকে একটি আধুনিক শহরে পরিণত করতে চাই। আমি কলকাতার চারপাশে ২৫০ কিলোমিটার রিং রোড নির্মাণের ঘোষণা করছি। এটা তো সবে শুরু।’

এদিকে, নীতিন গড়করিকে ‘বিকাশ পুরুষ’ আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের একাধিক রাস্তার সম্প্রসারণের জন্য তাঁকে অনুরোধও করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনে জমির ব্যবস্থা করে দেওয়ার কথাও বলেন। শুভেন্দু অধিকারী বলেন, ‘২০ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও সঙ্গে ৭ হাজার কোটি টাকা প্রকল্পের উদ্বোধন, মোট ২৭ হাজার কোটি টাকা প্রকল্পের সূচনা হবে। উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার ব্রিজ ফরাক্কার দ্বিতীয় ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজের ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজ্যের, এমনকী নেপাল-ভুটানের সঙ্গেও যোগাযোগ সহজ হবে। গত ৬ মাসে জাতীয় সড়কের যত কাজ বাকি ছিল, জমির ব্যবস্থা-সহ একাধিক কাজ আমরা সম্পন্ন করেছি।’

জাতীয় সড়কে সেনা বিমান

অন্যদিকে, গুজরাটে অমৃতসর-জামনগর অর্থনৈতিক করিডরের একটি অংশে ভারতীয় সেনার চারটি মাইক্রোলাইট বিমান সফলভাবে অবতরণ এবং পুনরায় উড্ডয়ন করল। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানান, ভারতীয় সেনার ‘টিম মাউন্টেন ঈগলস’-এর চারটি মাইক্রোলাইট বিমান ‘উইংস অব ভ্যালর অ্যান্ড ইউনিটি এক্সপেডিশন’-এর অংশ হিসেবে জাতীয় মহাসড়ক এনএইচ-৭৫৪এ-র ৯৪৬ থেকে ৯৪৯ কিলোমিটার অংশে এই অভিযান সম্পন্ন করে।

এক্স হ্যান্ডেলে এই সাফল্যের কথা জানিয়ে নীতিন গড়করি বলেন, ভারতীয় সেনা এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) মধ্যে সমন্বয়ের এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আধুনিক মহাসড়ক যে শুধু সাধারণ যান চলাচলের জন্য নয়, প্রয়োজনে দেশের কৌশলগত ও সামরিক প্রয়োজনেও ব্যবহার করা যেতে পারে, এই অভিযান তার প্রমাণ। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, দেশের উন্নত পরিবহণ পরিকাঠামো শুধু পণ্য পরিবহণ ও অর্থনৈতিক উন্নয়নেই ভূমিকা রাখবে না, পাশাপাশি প্রতিরক্ষা প্রস্তুতি, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং বিশেষ প্রয়োজনে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানেও সক্ষম হবে। তিনি আরও জানান, নিরাপত্তা সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের ভিত্তিতে জাতীয় মহাসড়কের নির্দিষ্ট কিছু অংশ ভবিষ্যতে আকাশপথের দুঃসাহসিক অভিযান এবং পর্যটনের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। এই অভিযানের সফল পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য ভারতীয় সেনার টিম মাউন্টেন ঈগলস, এনএইচএআই এবং সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

প্রসঙ্গত, অমৃতসর-জামনগর অর্থনৈতিক করিডর উত্তর ও পশ্চিম ভারতের মধ্যে যোগাযোগ এবং পণ্য পরিবহণ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গড়ে তোলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প। এই অভিযানের মাধ্যমে সাধারণ নাগরিকদের পাশাপাশি সামরিক প্রয়োজনেও গুরুত্বপূর্ণ জাতীয় পরিকাঠামো ব্যবহারের সম্ভাবনা আরও স্পষ্ট হয়েছে।