Annapurna Bhandar Online Portal: সরকারি ওয়েবসাইটের সার্ভার ডাউন! অনলাইন আবেদন বন্ধ অন্নপূর্ণা ভাণ্ডারে

Annapurna Yojana: বুধবার থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার প্রথম দফার অর্থ বিতরণের প্রক্রিয়া। অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছনোর কথা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে মঙ্গলবার থেকেই অনলাইনে ফর্ম ফিলআপ শুরু হয় এই প্রকল্পের জন্য। 

Published on: Jun 03, 2026 11:24 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Annapurna Yojana: রাজ্য সরকারের অন্যতম স্বপ্নের প্রকল্প 'অন্নপূর্ণা যোজনা।' অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে রাজ্যে একদিকে যেমন উৎসাহ ও প্রত্যাশা বাড়ছে, অন্যদিকে অনলাইন আবেদন প্রক্রিয়ায় দেখা দিয়েছে বড় ধরনের প্রযুক্তিগত জটিলতা। এই প্রকল্পে ভাতা নেওয়ার অন্যতম প্রাথমিক শর্ত ছিল ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) লিঙ্ক করা। অনলাইনে এই ডিবিটি লিঙ্ক করা যাচ্ছিল। তবে, এত সংখ্যক মানুষ একসঙ্গে ডিবিটি লিঙ্ক করায় প্রথম দিকে ক্র্যাশ করে যায় ডিবিটি লিঙ্ক করার ওয়েবসাইট। আর এবার ডিবিটি লিঙ্ক নয়, সার্ভারই ডাউন হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের অনলাইন পোর্টাল।

সরকারি ওয়েবসাইটের সার্ভার ডাউন! (সৌজন্যে টুইটার)
সরকারি ওয়েবসাইটের সার্ভার ডাউন! (সৌজন্যে টুইটার)

বুধবার থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার প্রথম দফার অর্থ বিতরণের প্রক্রিয়া। অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছনোর কথা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে মঙ্গলবার থেকেই অনলাইনে ফর্ম ফিলআপ শুরু হয় এই প্রকল্পের জন্য। কিন্তু আবেদনকারীরা ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন। সূত্রের খবর, একসঙ্গে বিপুল সংখ্যক আবেদনকারী অনলাইনে ডিবিটি লিঙ্ক করার চেষ্টা করায় সিস্টেমের উপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে নির্ধারিত পোর্টালটি প্রথম পর্যায়েই ক্র্যাশ করে যায়। যদিও পরবর্তীতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু এবার অন্নপূর্ণা ভাণ্ডারের মূল আবেদন পোর্টালেও দেখা দিয়েছে বড় সমস্যা।

সূত্রের খবর, সরকারি ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ খুলতে গেলেই দেখা যাচ্ছে সার্ভার ডাউন। লেখা আসছে ‘We will be Back Soon’ বার্তা। খুলছে না ওয়েবসাইট। ফলে অনেক ব্যবহারকারীই অনলাইনে ফর্ম পূরণ করতে পারছেন না। রাজ্যজুড়ে বহু মানুষ একসঙ্গে লগইন করার চেষ্টা করায় সার্ভারের উপর চাপ বেড়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই প্রযুক্তিগত সমস্যার কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও উদ্বেগও তৈরি হয়েছে। বিশেষ করে যারা দ্রুত ফর্ম জমা দিতে চেয়েছিলেন এবং যোজনার সুবিধা পাওয়ার আশায় ছিলেন, তাঁরা সমস্যার মুখে পড়েছেন। প্রশাসনের তরফে যদিও দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে, তবুও এখনও পর্যন্ত পুরোপুরি পরিষেবা স্বাভাবিক হয়নি।

ফর্ম-ফিলাপের সময় কী কী নথি লাগবে?

অন্যদিকে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলআপের জন্য কী কী নথি প্রয়োজন, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী আবেদন করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাধ্যতামূলক করা হয়েছে। সেগুলি হল-

১. আধার কার্ড থাকা আবশ্যক। অর্থাৎ আধার নম্বর প্রয়োজন। কারণ, আধার নম্বরের মাধ্যমেই ডিবিটি লিঙ্কিং সম্পন্ন করা হয়।

২. ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবই ও অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে। এই নথিগুলি যাচাইয়ের মাধ্যমেই আবেদনকারীর পরিচয় ও যোগ্যতা নিশ্চিত করা হবে।

৩. বসবাসের প্রমাণপত্র হিসাবে দরকার বিদ্যুতের বিল বা জলের বিল ও পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

অনলাইনে কীভাবে আবেদন করা যাচ্ছে?

১. রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে আবেদন করতে হবে।

২. আবেদনের জন্য https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল।

৩. পোর্টালে গেলেই আপনার ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করতে পারবেন।

৪. পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে।

৫. ফর্ম-ফিল আপের পর সেই ফর্ম স্ক্যান করে পোর্টালেই আপলোড করতে হবে।

৬. ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালে জমা দিতে পারবেন আবেদনকারীরা।