WB assembly election 2026: বাংলার ভোটে ভালো পারফরম্যান্স করো, 'জাতীয় দলের' টিকিট পাও- নয়া কৌশল বিজেপির

বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন দায়িত্ব নেওয়ার পর দলে বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির আসন্ন বিধানসভা নির্বাচনে নেতাদের পারফরম্যান্স কেমন হয়, সেটার ভিত্তিতে নীতীনের জাতীয় টিমে ঢোকার টিকিট মিলতে পারে।

Published on: Jan 31, 2026, 10:21:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন দায়িত্ব নেওয়ার পর দলে বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির আসন্ন বিধানসভা নির্বাচনে নেতাদের পারফরম্যান্স কেমন হয়, সেটার ভিত্তিতে নীতীনের জাতীয় টিমে ঢোকার টিকিট মিলতে পারে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে অসমের জন্য এক ডজন জাতীয় স্তরের নেতার তালিকা তৈরি করে ফেলা হয়েছে। পুরো টিমকে রাজ্য নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বৈজয়ন্ত 'জয়' পান্ডা পরিচালনা করছেন। এই দলে রয়েছেন দিল্লির সাংসদ বাঁসুরি স্বরাজ, অনিল শর্মা ও পবন শর্মাররা। রাজ্যসভার সাংসদ দীপক প্রকাশ এবং জাতীয় সম্পাদক অলকা গুর্জরের মতো 'পরীক্ষিত' নেতাদেরও এই মিশনে যুক্ত করা হয়েছে। বিজেপি, আরএসএস এবং নয়াদিল্লির জাতীয় নেতৃত্বের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে এই দলটি। সেরকমভাবেই পশ্চিমবঙ্গ, তামিবনাড়ু, কেরল এবং পুদুচেরিতেও একই কাজ করা হবে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

এমনিতে সপ্তাহকয়েকের মধ্যেই চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন হবে। অসম এবং পুদুচেরিতে ক্ষমতায় আছে বিজেপি। পশ্চিমবঙ্গ, কেরল এবং তামিলনাড়ুতে বিরোধী হিসেবে লড়াই করতে হবে। আর সেই মেগা বিধানসভা নির্বাচন দিয়েই বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে নীতীনের যাত্রা শুরু হচ্ছে। ফলে সেটা নীতীনের কাছে প্রেস্টিজ ফাইটও হয়ে দাঁড়িয়েছে। সেই পরিস্থিতিতে বিজেপি নেতাদের আরও উদ্বুদ্ধ করতেই নীতীন নয়া পদক্ষেপ করছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) কাজ শেষ করতে কিছুটা দেরি হওয়ার আশঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন ভোটমুখী রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চাইছে নির্বাচন কমিশন। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না।

সেই লক্ষ্যেই সাতদিনের মধ্যে পশ্চিমবঙ্গে এসআইআরের শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। শুক্রবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বৈঠকে সেই নির্দেশ দিয়েছে। বৈঠকে হাজির ছিলেন বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত-সহ সব জেলার নির্বাচনী আধিকারিক এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ইআরও)।

সেই বৈঠকে হাজির এক আধিকারিক জানিয়েছেন, নোটিশ জারি করার এবং নথি আপলোড করার জন্য সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। আগামী রবিবার বিকেল পাঁচটার মধ্যে বাধ্যতামূলকভাবে এসআইআরের নোটিশ জারি করতে হবে। আর পরবর্তী সাতদিনের মধ্যে নথি আপলোড করতে হবে কমিশনের সার্ভারে। আর যে ভোটারদের ইতিমধ্যে শুনানি হয়ে গিয়েছে, তাঁদের নথি আপলোড করতে হবে ২ ফেব্রুয়ারির মধ্যে। কমিশনের তরফে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই সময়সীমা মেনে চলতেই হবে। কারণ আগামী ১৪ ফেব্রুয়ারিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এক আধিকারিক।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More