Syama Prasad Mookerjee: 'ভারতের ঐক্য...,' শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি PM-মুখ্যমন্ত্রীর, বঙ্গ সফরে চমক শাহ'র

Syama Prasad Mookerjee: সোমবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ‘ভারতের অন্যতম শ্রেষ্ঠ জাতি-নির্মাতা’ হিসেবে অভিহিত করেছেন।

Published on: Jul 6, 2026, 13:19:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Syama Prasad Mookerjee: তিনি ভারতমাতার বীর সন্তান। 'ভারত কেশরী।' ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে রাজ্যজুড়ে পালিত হচ্ছে এক মহান দেশপ্রেমিকের স্মৃতি। দেশের অখণ্ডতা রক্ষা এবং জাতীয়তাবাদের অন্যতম প্রধান কাণ্ডারি হিসেবে পরিচিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তাঁকে গভীর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে, এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র পশ্চিমবঙ্গ সফর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর (PTI)
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর (PTI)

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সোমবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ‘ভারতের অন্যতম শ্রেষ্ঠ জাতি-নির্মাতা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লেখেন, 'পাণ্ডিত্য, সাহস এবং জাতীয় সেবার প্রতি অবিচল অঙ্গীকারের অন্য নাম শ্যামাপ্রসাদ। ভারতের ঐক্য, মর্যাদা এবং অগ্রগতির জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন।' প্রধানমন্ত্রী তাঁর বার্তায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুমুখী প্রতিভার কথা তুলে ধরেন। তিনি বলেন, একজন অসামান্য চিন্তাবিদ ও শিক্ষাবিদ হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবিষ্যৎমুখী শিক্ষাব্যবস্থার প্রবক্তা ছিলেন। পাশাপাশি, শিল্পমন্ত্রী হিসেবে দেশের আত্মনির্ভরশীলতার ভিত স্থাপনে এবং বাংলার দুর্ভিক্ষের সময় তাঁর মানবিক উদ্যোগ আজও দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস। প্রধানমন্ত্রীর কথায়, 'আজ আমরা যখন ‘বিকশিত ভারতের’ পথে এগিয়ে চলেছি, তাঁর স্বপ্নই আমাদের পথকে আলোকিত করছে।'

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, এই বিশেষদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ‘ভারত মাতার বীর সন্তান’ ও ‘দূরদর্শী রাষ্ট্রনায়ক’ হিসেবে সম্বোধন করে শ্রদ্ধা নিবেদন করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, 'দেশের ঐক্য, অখণ্ডতা এবং জনসেবার প্রতি তাঁর অটল নিষ্ঠা এবং আত্মবলিদান আমাদের প্রেরণা জোগাবে।' এরপর রেড রোডে বিশেষ অনুষ্ঠানেও শামিল হন তিনি।

এদিন মুরলীধর সেন লেনের বিজেপি সদর কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একই সঙ্গে বাম এবং তৃণমূল কংগ্রেসের আমলে কীভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 'অবহেলিত' হয়েছেন তা উল্লেখ করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, এক সময় ইচ্ছাকৃতভাবে স্কুলে স্কুলে শ্যামাপ্রসাদের গলায় মাল্যদান পর্যন্ত করতে দেওয়া হয়নি। তাঁর সংযোজন, 'এখন শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। শ্যামাপ্রসাদ কোনওদিন প্রতিহিংসার রাজনীতি করেননি। বিজেপি নোংরা রাজনীতি করে না।' অন্যদিকে, সোমবার ইকো পার্ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মধ্যমগ্রামে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য। এদিকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীকে সামনে রেখে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে কলকাতায় তাঁর তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরের পর এবার অমিত শাহ-র এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ এবং অখণ্ড ভারতের স্বপ্নকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে নতুন করে পৌঁছে দিতে বিজেপি মরিয়া। গত মাসে রাজ্যে এসে প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে যে রাজনৈতিক বার্তা দিয়েছিলেন, এবার অমিত শাহ-র সফরের মাধ্যমে বিজেপি সেই সুরকেই আরও চওড়া করতে চাইছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনদর্শনকে আপামর বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিজেপি নেতাদের এই তৎপরতা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে জন্মজয়ন্তীর আড়ম্বর, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর-সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক আকাশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কেন্দ্র করে এক নতুন বাতাবরণের আবহ স্পষ্ট।