Modi-Dilip Meeting: প্রধানমন্ত্রীর বাসভবনে দিলীপ ঘোষ, সঙ্গে স্ত্রী রিঙ্কু, মোদীকে আম-সন্দেশ উপহার
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুও।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুও। প্রধানমন্ত্রীর জন্য আম ও সন্দেশ উপহার নিয়ে যান দিলীপ ও রিঙ্কু। প্রধানমন্ত্রীর বাসভবনের সেই বৈঠকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজ আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, বৈঠকে দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে জানান, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে বর্তমানে প্রায় ১১ হাজার পদ শূন্য রয়েছে। এই বিপুল সংখ্যক শূন্যপদ কীভাবে দ্রুত পূরণ করা যায় এবং প্রশাসনিক কাজকে কীভাবে আরও দক্ষ করা সম্ভব, তা নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের গুজরাটে প্রশাসনিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে ধরে দিলীপ ঘোষকে একটি বিশেষজ্ঞ দল গঠনের পরামর্শ দেন। তাঁর মতে, দেশের একাধিক রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর অত্যন্ত সফলভাবে কাজ করছে। সেই সব রাজ্যে বিশেষজ্ঞ দল পাঠিয়ে তাদের কাজ পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করলে পশ্চিমবঙ্গেও সেই অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব হবে। শুধু বিশেষজ্ঞ দলই নয়, দিলীপ ঘোষকেও ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজ্যে গিয়ে উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরেজমিনে দেখে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। বৈঠকে অর্থমন্ত্রী জানান, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাতে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গকে ৫১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এই খাতে বরাদ্দের নিরিখে দেশের মধ্যে উত্তরপ্রদেশের পরেই পশ্চিমবঙ্গের স্থান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টে দাবি, অর্থমন্ত্রী বৈঠকে আশ্বাস দেন, অর্থের অভাবে উন্নয়নমূলক কাজ যাতে কোনওভাবেই আটকে না থাকে, সে বিষয়ে কেন্দ্র সহযোগিতা করবে। পাশাপাশি দপ্তরের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, তহবিলের ব্যবহার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এদিন দিলীপ ঘোষ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। যদিও সেই বৈঠকের বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি। মন্ত্রী হওয়ার পর দিলীপ ঘোষের এই প্রথম দিল্লি সফরকে রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজের গতি বাড়ানো, শূন্যপদ পূরণ এবং কেন্দ্র-রাজ্য সমন্বয়ের বিষয়গুলি এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে বলে মনে করা হচ্ছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


