২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
Modi in IIT Kharagpur: খড়্গপুর আইআইটিতে মোদী, স্বাগত জানালেন দিলীপ ঘোষ, ৭৫ বছরে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে বিশেষ প্রস্তুতি নিয়েছিল আইআইটি কর্তৃপক্ষ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান।
পালাবদলের পর ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি বা প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসেন তিনি। প্রথমে হেলিকপ্টারে চেপে কলাইকুণ্ডা থেকে আইআইটি খড়্গপুরের ক্যাম্পাসে পৌঁছনোর পরিকল্পনা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বদলাতে হয় সফরসূচি। হেলিকপ্টারের বদলে সড়কপথে ক্যাম্পাসে পৌঁছন প্রধানমন্ত্রী। শনিবার সকাল ১০টার কিছু পরে নির্ধারিত সময়েই আইআইটিতে পৌঁছে যান তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে বিশেষ প্রস্তুতি নিয়েছিল আইআইটি কর্তৃপক্ষ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান। ক্যাম্পাসে পৌঁছেই পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মোদী। আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের প্রযুক্তিগত অগ্রগতি এবং পরিবর্তনের কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গত ৭৫ বছরে ভারত অনেকটা পথ এগিয়েছে। আইআইটি খড়্গপুর দেশের বহু পরিবর্তনের সাক্ষী। তাঁর কথায়, ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত। অর্থাৎ, প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থায় দেশের অগ্রগতির উদাহরণ হিসাবেই আইআইটির দীর্ঘ যাত্রাকে তুলে ধরেন তিনি।
মোদী আরও বলেন, নিজের চিন্তাভাবনার গণ্ডি পেরোতে পারলেই সাফল্যের শিখরে পৌঁছনো সম্ভব। পড়ুয়াদের উদ্দেশে তাঁর পরামর্শ, পুরনো নিয়মের বেড়াজাল ভেঙে নতুন ভাবে ভাবতে শিখতে হবে। এই প্রসঙ্গেই ‘ব্রেক দ্য রুল’ মন্ত্রের কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর আশা, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আইআইটি খড়্গপুরের পড়ুয়ারা। আগামী ২০ বছর তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সামনে কোনও বড় সঙ্কট বা সমস্যা দেখা দিলে তার সমাধানের পথও খুঁজে বের করতে হবে তাঁদেরই। সেই লক্ষ্য পূরণে পড়ুয়াদের দেশকে সবার আগে রাখার পরামর্শ দেন মোদী। তাঁর বার্তা, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
৭৫ পড়ুয়ার সঙ্গে আলাপচারিতা, স্মারক মুদ্রা
আইআইটির প্ল্যাটিনাম জুবিলি উদ্যাপনকে স্মরণীয় করে রাখতে একাধিক কর্মসূচি রাখা হয়েছে। তার মধ্যে অন্যতম ৭৫ জন পড়ুয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা। '৭৫ ভয়েসেস ফর বিকশিত ভারত' কর্মসূচির আওতায় পড়ুয়ারা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। প্রতিষ্ঠানের ৭৫ বছরের যাত্রাকে প্রতীকী ভাবে তুলে ধরতেই এই উদ্যোগ। পাশাপাশি আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচনের কর্মসূচিও রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের অন্যতম আকর্ষণ প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা। আইআইটি খড়্গপুরে তৈরি কম খরচের চিকিৎসা প্রযুক্তি এবং প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্ভাবন ঘুরে দেখেন তিনি। চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার কী ভাবে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারে, সেই বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আইআইটিতে প্রথম ডাক্তারির পাঠক্রম
এই সফরের আগে আইআইটি খড়্গপুরে নতুন ডাক্তারির পাঠক্রম চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ইতিমধ্যেই সেখানে ১২ আসনের এমডি বা ডক্টর অফ মেডিসিন পাঠক্রম চালুর অনুমতি দিয়েছে। আগামী জানুয়ারি থেকে এই পাঠক্রমে পঠনপাঠন শুরু হওয়ার কথা। দেশের প্রথম আইআইটি হিসাবে পরিচিত এই প্রতিষ্ঠানে চিকিৎসা শিক্ষার সূচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা মহল।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আইআইটি খড়্গপুর। এটি দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। সাত দশকেরও বেশি সময় ধরে প্রযুক্তি শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্রতিষ্ঠান। প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দিয়ে সেই দীর্ঘ যাত্রাকেই স্মরণ করলেন প্রধানমন্ত্রী। তাঁর সফর ঘিরে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
E-Paper
