জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে পোস্ট, অভিষেককে ভবানীপুর থানায় তলব! শনিবারই হাজিরার নির্দেশ
ঘটনার সূত্রপাত গত ২ মে। ওই দিন সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে কটাক্ষ করেছিলেন তিনি বলে অভিযোগ। পোস্টে জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করার অভিযোগ উঠেছে।
সমাজমাধ্যমে পোস্ট ঘিরে ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে করা একটি পোস্টের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় তাঁকে তলব করেছে কলকাতা পুলিশ। শনিবার, ১৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টার মধ্যে ভবানীপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক মামলায় অভিষেককে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। নতুন করে এই তলব ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২ মে। ওই দিন সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে কটাক্ষ করেছিলেন তিনি বলে অভিযোগ। পোস্টে জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের বিরোধিতা করে ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গত ২৭ মে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই মামলাতেই এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ভবানীপুর থানার পুলিশ।
অভিযোগকারীর দাবি, অভিষেকের ওই মন্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর। একজন সাংসদ হিসেবে সংবিধান ও দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার শপথ নেওয়ার পরেও তিনি একটি গোটা গুজরাতি সম্প্রদায়কে অপরাধী চক্রের সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ। এর ফলে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের অপমান হয়েছে। পাশাপাশি দেশের বহুত্ববাদী সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিও বিঘ্নিত হতে পারে বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ।
অভিষেকের বিরুদ্ধে একের পর এক মামলা
এদিকে, সম্প্রতি অভিষেকের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে। শুক্রবারই অন্য একটি মামলায় তাঁকে তলব করে গিরিশ পার্ক থানার পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া সেই মামলায় আগামী ২০ নভেম্বর দুপুর ১২টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার-সহ কয়েক জন আধিকারিককে নিয়ে অভিষেকের মন্তব্যের ভিত্তিতে এই অভিযোগ ওঠে।
অন্য দিকে, গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিসের ছাদ থেকে একটি বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে গোলমাল হয়েছিল। কলকাতা পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘাতের ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় মামলা দায়ের হয়। সেই মামলাতেও অভিষেকের নাম জড়ায়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল পুলিশ।
এ ছাড়াও, গত ৬ নভেম্বর কালীঘাটে অভিষেকের জন্মদিন পালনের কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায়ও একাধিক মামলা দায়ের হয়েছে।
সব মিলিয়ে, একাধিক মামলায় পুলিশি তলব ঘিরে অভিষেককে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। শনিবার ভবানীপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশের পর এবার তিনি কী পদক্ষেপ করেন, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


