আসানসোলে পুলিশের গুলিতে জখম সাইবার প্রতারণায় অভিযুক্ত প্রতাপ! দু'দিন ধরে তল্লাশির পর ভোরে গ্রেপ্তার, হাসপাতালে ভর্তি

ঘটনার সূত্রপাত বুধবার, ২৫ নভেম্বর। সাইবার প্রতারণার একটি মামলায় প্রতাপকে গ্রেপ্তার করতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ হীরাপুরের ইসমাইল এলাকায় তাঁর ডেরায় যায়। বিকেল সাড়ে চারটে নাগাদ পুলিশ বাড়িটি ঘিরে ফেলতেই বিপত্তি বাধে।

Published on: Nov 27, 2026, 13:21:12 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বোলপুরের পর এ বার আসানসোল। পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের মামলায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। বুধবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। দু'দিন ধরে তল্লাশি চালিয়েও তাঁর নাগাল পাচ্ছিলেন না তদন্তকারীরা। অবশেষে শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের ইসমাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানেই ফের পুলিশের মুখোমুখি হয়ে পালানোর চেষ্টা করেন প্রতাপ। অভিযোগ, এ বারও আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করেন তিনি। পালটা গুলি চালায় পুলিশ। তাতেই পায়ে গুলি লাগে প্রতাপের। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আসানসোলে পুলিশের গুলিতে জখম সাইবার প্রতারণায় অভিযুক্ত প্রতাপ! দু'দিন ধরে তল্লাশির পর ভোরে গ্রেপ্তার, হাসপাতালে ভর্তি
আসানসোলে পুলিশের গুলিতে জখম সাইবার প্রতারণায় অভিযুক্ত প্রতাপ! দু'দিন ধরে তল্লাশির পর ভোরে গ্রেপ্তার, হাসপাতালে ভর্তি

পুলিশ সূত্রে খবর, আসানসোলের হীরাপুর থানার ইসমাইল এলাকার গুরু নানক পল্লিতে একটি বাড়িতে লুকিয়ে ছিলেন প্রতাপ। শুক্রবার ভোরে গোপন সূত্রে তাঁর অবস্থান জানতে পারেন তদন্তকারীরা। এর পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ বাহিনী এবং আসানসোল উত্তর, দক্ষিণ ও হীরাপুর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের পালানোর চেষ্টা করেন তিনি। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন প্রতাপ। পালটা গুলি চালায় পুলিশ। তাতে তাঁর পায়ে আঘাত লাগে। শেষ পর্যন্ত তাঁকে কাবু করে গ্রেপ্তার করা হয়।

বুধবার পুলিশের উপর গুলি চালিয়ে পালান

ঘটনার সূত্রপাত বুধবার, ২৫ নভেম্বর। সাইবার প্রতারণার একটি মামলায় প্রতাপকে গ্রেপ্তার করতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ হীরাপুরের ইসমাইল এলাকায় তাঁর ডেরায় যায়। বিকেল সাড়ে চারটে নাগাদ পুলিশ বাড়িটি ঘিরে ফেলতেই বিপত্তি বাধে। পুলিশের দাবি, গ্রেপ্তারি এড়াতে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি চালান প্রতাপ। তার পর বাড়ির পিছনের দিকের পাঁচিল টপকে পালিয়ে যান তিনি। যদিও ওই ঘটনায় কোনও পুলিশকর্মী বা স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হননি।

এর পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। আসানসোল উত্তর, দক্ষিণ এবং হীরাপুর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। পশ্চিম বর্ধমানের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা ও রাজ্যের সীমানাতেও নজরদারি বাড়ানো হয়েছিল। বিভিন্ন এলাকায় নাকা তল্লাশিও চালানো হয়। শেষ পর্যন্ত শুক্রবার ভোরে ইসমাইল থেকেই তাঁর খোঁজ মেলে।

একাধিক অপরাধের মামলায় অভিযুক্ত

পুলিশের দাবি, প্রতাপের বিরুদ্ধে সাইবার প্রতারণা ছাড়াও একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। অতীতে সালানপুরে পেট্রল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো এবং আসানসোল বাজার এলাকায় ভাই-বোন খুনের ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগেও তাঁর নাম জড়িয়েছিল। বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার এবং মাদক পাচারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

জানা গিয়েছে, পুজোর আগে বিচারবিভাগীয় হেফাজত থেকে মুক্তি পেয়েছিলেন প্রতাপ। তার পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন বলে তদন্তকারীদের দাবি। সম্প্রতি স্ত্রীর সঙ্গে দেখা করতে বাড়িতে ফিরেছিলেন তিনি। সেই খবর পেয়েই বুধবার পুলিশ অভিযান চালায়।

গুলির ঘটনায় ফের প্রশ্নে আইনশৃঙ্খলা

গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো এবং পালটা পুলিশের গুলিতে অভিযুক্তদের জখম বা মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। বোলপুরের পর আসানসোলেও পুলিশের সঙ্গে এমন সংঘর্ষের ঘটনা সামনে এল। এ বার গুলিবিদ্ধ অবস্থায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কি না, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। বুধবারের গুলি চালানোর ঘটনা এবং শুক্রবারের অভিযানে ঠিক কী পরিস্থিতিতে পুলিশ গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।