'শুনছি দেখাদেখি অনেকেই ধর্না...,' সিপিএমকে ঠুকে পোস্ট প্রতীক উরের, কমেন্টে কটাক্ষের ঝড়

এসআইআরের চূড়ান্ত তালিকায় প্রায় ৬৪ লক্ষের নাম বাদ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে শাসক দল খড়গহস্ত তৃণমূল।

Published on: Mar 05, 2026 1:17 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শিয়রে ছাব্বিশের মহারণ। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ, এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই বিষয়টি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে চলেছেন। মেট্রো চ্যানেলে দুপুর ২টো নাগাদ ধর্নায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী। আর এমন পরিস্থিতিতে পড়ে বিধানসভা নির্বাচনের আগে কল্কে পেতে চাইছে সিপিএম। তাই তারাও পথে নেমে পড়েছে। এই ঘটনাকেই এবার ঠুকলেন প্রাক্তন বামনেতা তথ্য সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমান।

সিপিএমকে ঠুকে পোস্ট প্রতীক উরের (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)
সিপিএমকে ঠুকে পোস্ট প্রতীক উরের (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)

বিষয়টা ঠিক কী?

এসআইআরের চূড়ান্ত তালিকায় প্রায় ৬৪ লক্ষের নাম বাদ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে শাসক দল খড়গহস্ত তৃণমূল। আগামী ৬ মার্চ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত রবিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই গতকাল অর্থাৎ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে সিইও দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে সিপিএম। ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিমান বসু-সহ দলের নেতা-কর্মীরা। এই অবস্থান বিক্ষোভকে কটাক্ষ করেই বুধবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন প্রতীক উর রহমান।

প্রতীক উর রহমানের ফেসবুক পোস্ট

সোশ্যাল মিডিয়ায় প্রতীক উর রহমান লেখেন, 'আবার প্রমাণিত হল, তৃণমূল কংগ্রেসই পথ দেখায়। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আগামী ৬ তারিখ এসআইআর ইস্যুতে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ধর্নায় বসবেন। শুনছি দেখাদেখি অনেকেই ধর্না দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। জয় বাংলা।' এই পোস্টে অনেকেই প্রতীক উরের স্বপক্ষে কথা বলেছেন। তবে অধিকাংশই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ লিখেছেন, 'ভাই প্রতিকুর একজন সিপিএম পার্টির কর্মী হয়ে বলছি অন্যকে ছোট করতে গিয়ে নিজে হাসির খোরাক বা ছোট হয়ে যেও না।' কেউ লিখেছেন, 'আবারও দৃঢ়ভাবে প্রমাণিত হল, চাইলেই সব শিঁড়দাড়া অবিক্রিত অবস্থায় রাখা যায় না।' কেউ আবার লিখেছেন, 'তোমার মাথা একেবারেই গেছে', কারও খোঁচা, 'দু'দিনের বৈরাগী...।'