Digha Rath Yatra: প্রভু জগন্নাথের মাথায় পুরীর ‘রাজমুকুট!’ বদলের বাংলায় দিঘার রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে

Digha Rath Yatra: দিঘার রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। রথের রশিতে টানও দেবেন কাঁথির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

Published on: Jul 15, 2026, 13:21:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Digha Rath Yatra: ১৫ দিনের অনসর পর্ব শেষে আজ, বুধবার থেকে ভক্তদের দেখা দেবেন প্রভু জগন্নাথদেব। ফলে আগামীকাল, বৃহস্পতিবার দীঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রার উৎসবের চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে। তবে রাজ্যে পালাবদল ঘটেছে। তাই এবার দিঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রায়ও সেই পরিবর্তনের ‘ছোঁয়া’ লক্ষ্য করা যাচ্ছে। এক পক্ষকাল আগে স্নানযাত্রার পর জ্বরে কাবু হয়ে পড়েছিলেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আয়ুর্বেদিক পাঁচনে সুস্থ হয়ে তাঁরা আবার ভক্তদের মাঝে হাজির হবেন। রথযাত্রার পূর্ণাঙ্গ সূচি ইতিমধ্যেই প্রকাশ করেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। ইতিমধ্যে পূর্ব ঘোষণামতো দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার জন্যও পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকার।

বদলের বাংলায় দিঘার রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে (সৌজন্যে টুইটার)
বদলের বাংলায় দিঘার রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে (সৌজন্যে টুইটার)

তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ২০২৫ সালে অক্ষয় তৃতীয় দিন উদ্বোধন হয়েছিল দিঘার জগন্নাথ মন্দিরের। গত বছর সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশ্মিতে টান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে পালাবদলের পর ওড়িশা সরকারের সঙ্গে নবান্নের হৃদ্যতা বেড়েছে। তাই এবার দিঘার রথে থাকছে পুরীর ছোঁয়া। রাজবেশে সাজবেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। পুরী থেকে আনা বিশেষ রাজমুকুট পরে তাঁরা রথে চড়বেন। বৃহস্পতিবার মহাসমারোহে এই রথযাত্রা অনুষ্ঠিত হবে। দিঘার জগন্নাথ মন্দিরে এবার দ্বিতীয় বর্ষের রথ উৎসব। এই উৎসবকে আনন্দমুখর করতে সোমবার নবান্ন থেকে জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী রথ কমিটিগুলিকে অনুদান দেওয়ার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসে অন্যান্য রথযাত্রা কমিটির পাশাপাশি জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের হাতে চেক তুলে দেন জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা-সহ জনপ্রতিনিধিরা। প্রশাসনের তরফে জোরকদমে প্রস্তুতি চলছে। রাস্তা সংস্কার ও আলোকসজ্জার কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে রথের মহড়াও সফলভাবে সম্পন্ন হয়েছে।

দিঘার রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। রথের রশিতে টানও দেবেন কাঁথির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। রথযাত্রার আগে প্রভু জগন্নাথ দেবের স্নানপর্ব চলে। রথের আগে প্রভু ১৫ দিন দেখা দেন না। সেই স্নানপর্ব শেষে ফের ভক্তদের জন্য দর্শন দিলেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আজ, বুধবার ভোর ৬টায় দিঘার মন্দিরের গর্ভগৃহের বেদির দ্বার খুলে দেওয়া হয়। সকাল থেকেই প্রভুর দর্শনে হাজার হাজার ভক্ত ভিড় করেন। দিঘার মন্দির, ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস জানিয়েছেন, 'অনবাসরের ১৫ দিন শেষে জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার পুনরায় দর্শন লাভ ভক্তদের কাছে এক অপার আনন্দ ও আবেগের মুহূর্ত। রথযাত্রা উপলক্ষ্যে দিঘার এই ঐতিহাসিক রথযাত্রায় অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানাই।' তিনি আরও বলেন, বিগ্রহদের জন্য পুরী থেকে রাজমুকুট আনা হচ্ছে, বিশেষ পোশাক তৈরি হচ্ছে। রাজবেশে সাজিয়ে ‘পাহাণ্ডি বিজয়’ শোভাযাত্রার মাধ্যমে তাঁদের রথে তোলা হবে। ওড়িশার বাইরে দিঘার সৈকতেই এবার মিলবে পুরীর রাজকীয় আমেজ।

এছাড়া দিঘার রথে এবার লেগেছে নতুন চাকাও। সঙ্গে রথকে নিয়ন্ত্রণ করার জন্য থাকছে স্টিয়ারিং এবং ব্রেক। দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টির সদস্য রাধারমণ দাস বলেন, 'পুরীতে মন্দির থেকে সোজা রাস্তায় রথ যায়। আমাদের এখানে রথ কিছুটা যাওয়ার পর ডানদিকে ঘুরে যায়। আবার ডানদিকে ঘুরে। গতবার রথের চাকা নিয়ে সমস্যা হয়েছিল। সেজন্য এবার চারটি নতুন চাকা লাগানো হয়েছে। আর তা নিয়ন্ত্রণের জন্য থাকছে স্টিয়ারিং ও ব্রেক।'

দিঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রার পূর্ণাঙ্গ সূচি

ইতিমধ্যেই মন্দির কমিটির তরফে এবারের রথযাত্রার অনুষ্ঠান, সময়সূচিও ঘোষণা করা হয়েছে। আগামী কাল, বৈদিক মন্ত্রোচ্চারণ, হরিনাম সংকীর্তন ও ভক্তিময় পরিবেশের মধ্য দিয়ে পাহাণ্ডি বিজয় অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা উৎসবের সূচনা হবে সকাল সাড়ে ১০টায়। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির থেকে তিনটি রথে আনা হবে। দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত তিনটি রথ সাজানো হবে এবং রথে অধিষ্ঠিত অবস্থায় বিগ্রহদের ভোগ নিবেদন করা হবে। দুপুর ৩টে থেকে সাড়ে ৩টে পর্যন্ত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান হবে। দুপুর সাড়ে ৩ টেয় রথের রশিতে টান দেবেন শিশির অধিকারী। বিকেল সাড়ে ৪টেয় রথ মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে পৌঁছবে। সাড়ে পাঁচটায় সেখানে ফের পাহাণ্ডি বিজয় অনুষ্ঠান হবে।

দিঘার রথযাত্রার প্রস্তুতি

রথযাত্রার প্রস্তুতি নিয়ে রাধারমণ দাস বলেন, 'রথযাত্রার প্রস্তুতি শেষের পথে। আমরা রাজ্য সরকারের কাছ থেকে ৫ লক্ষ টাকা অনুদান পেয়েছি। এর জন্য ধন্যবাদ জানাই। আমরা মনে করছি, লক্ষ লক্ষ মানুষ আসবেন। রথযাত্রার আয়োজন খুব ভালো করতে সবরকম প্রস্তুতি নিচ্ছি। রথযাত্রার দিন উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করবেন শিশির অধিকারী। বিকেল ৩টা থেকে সাড়ে তিনটেয় রথযাত্রা শুরু হবে।' রথযাত্রা উপলক্ষে ১৬ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৯-১০ লক্ষ মানুষ দিঘা জগন্নাথ মন্দিরে আসবেন বলে তাঁর আশা। তিনি আরও বলেন, 'রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবতা, সমতা ও সর্বজনীনতার বার্তা বহনকারী এক মহোৎসব। ভগবান শ্রীজগন্নাথ নিজেই ভক্তদের কাছে পৌঁছে যান। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এই ঐতিহাসিক রথযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।'