PM Modi Wish: 'পশ্চিমবঙ্গের কালজয়ী...,' নববর্ষে বাংলার সংস্কৃতিকে কুর্নিশ, বাঙালিকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর
PM Modi Wish: প্রধানমন্ত্রীর এই সংবেদনশীল বার্তা সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতি রক্ষায় লড়াইয়ের ডাক দিয়েছেন।
PM Modi Wish: নববর্ষের শুভেচ্ছা বার্তায় মিশল রাজনীতির রং। বিধানসভা নির্বাচনের আবহে শুভেচ্ছা বার্তাতেও লুকিয়ে রইল আক্রমণ-পাল্টা আক্রমণ। বুধবার পশ্চিমবঙ্গবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাদের সকলের শুভেচ্ছাতে যেমন আগামীর উজ্জ্বল ভবিষ্যতের কথা রয়েছে, তেমনই আছে উন্নয়ন ও সুশাসনের বার্তাও।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা
এদিন প্রধানমন্ত্রী বাংলা ও ইংরেজি, দুই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় বাঙালি নববর্ষের শুভেচ্ছা জানান। তাঁর বার্তায় অরাজনৈতিক এবং ইতিবাচক মেজাজ ছিল স্পষ্ট। প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘শুভ নববর্ষ! পয়লা বৈশাখের বিশেষ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আগামী বছরে আপনার সব কামনা পূরণ হোক। আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদাবিরাজমান থাকুক। আপনার সুস্বাস্থ্য ও অনন্ত সুখ কামনা করি।’ এরপরই রাজ্যের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ‘ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপনেরও এটি একটি উপলক্ষ।’ প্রধানমন্ত্রীর এই সংবেদনশীল বার্তা সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতি রক্ষায় লড়াইয়ের ডাক দিয়েছেন। তিনি রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন।
কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ’পয়লা বৈশাখের এই শুভ দিনে পশ্চিমবঙ্গের সকল ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্যিক এবং বীর বিপ্লবীদের গৌরবে ভরা এই বাংলায় নতুন বছরে আসুক উন্নয়ন, সুশাসন ও সকলের কল্যাণের এক নতুন অধ্যায়। রাজ্যের সকল মানুষের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করছি।'
বিজেপির সর্বভারতীয় সভাপতির বার্তা
এক্স বার্তায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, ‘পয়লা বৈশাখের এই পুণ্য লগ্নে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা! বাংলা নববর্ষের এই শুভ মুহূর্ত আমাদের মনে এক নবীন আশা এবং সম্মিলিত আকাঙ্ক্ষার সঞ্চার করে। বাংলার সুমহান ঐতিহ্য ও সাংস্কৃতিক অহংকারের শিকড়ে প্রোথিত এই উৎসব আজ আমাদের অনুপ্রাণিত করে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে- এমন এক আগামী, যেখানে প্রতিটি পরিবারের জন্য সুনিশ্চিত হবে সার্বিক উন্নয়ন, সুশাসন এবং মাথা উঁচু করে বাঁচার আত্মমর্যাদা।’
সব মিলিয়ে, পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তা শুধু উৎসবের আবেগেই সীমাবদ্ধ থাকেনি। বরং ভোটের আগে এই বার্তাগুলিই ইঙ্গিত দিচ্ছে-সংস্কৃতি, সম্প্রীতি ও রাজনৈতিক অবস্থান-সবকিছুই এখন একই মঞ্চে উঠে আসছে।
E-Paper

