Howrah Station: বাস থেকে নেমেই স্টেশন! হাওড়ায় এবার স্কাইওয়াক, ৫ বছরের মধ্যে ভোলবদলের পরিকল্পনা প্রশাসনের

Howrah Station: হাওড়া স্টেশনের মেইন সাবওয়ে এবং হাওড়া ফেরিঘাট সাবওয়ের আধুনিকীকরণে প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

Published on: Sep 20, 2026, 13:24:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Howrah Station: প্রতিদিন হাওড়া স্টেশন (Howrah Station) দিয়ে যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। সেই কারণে প্রায় সারাদিনই এই স্টেশন চত্বরে যাত্রীদের আনাগোনা লেগে থাকে। বাস, ট্যাক্সির ভিড়ও থাকে চোখে পড়ার মতো। এবার সেই হাওড়া বাসস্ট্যান্ড (Howrah Bus Stand) চত্বরের ভোলবদলের পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘদিনের পুরনো সাবওয়ে থেকে শুরু করে হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাস—পুরো এলাকার চেহারা বদলে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। পরিকল্পনা বাস্তবায়িত হলে মেট্রো স্টেশনের আদলে তৈরি হতে পারে হাওড়া স্টেশনের মেইন সাবওয়ে এবং হাওড়া ফেরিঘাট সাবওয়ে। পাশাপাশি, বাস টার্মিনাসের উপর বহুতল নির্মাণ এবং হাওড়া স্টেশন পর্যন্ত স্কাইওয়াক তৈরির পরিকল্পনাও রয়েছে।

হাওড়ায় এবার স্কাইওয়াক, ৫ বছরের মধ্যে ভোলবদলের পরিকল্পনা প্রশাসনের Photo by Indranil Bhoumik/mint
হাওড়ায় এবার স্কাইওয়াক, ৫ বছরের মধ্যে ভোলবদলের পরিকল্পনা প্রশাসনের Photo by Indranil Bhoumik/mint

নবরূপে সাজানো হবে হাওড়া বাসস্ট্যান্ড চত্বর

রোজ বহু যাত্রী লোকাল, দূরপাল্লার ট্রেন এবং মেট্রোয় যাতায়াত করেন হাওড়া স্টেশন দিয়ে। কিন্তু সামান্য বেশি বৃষ্টি হলেই স্টেশনের সাবওয়েতে জল জমে যাতায়াতে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের। কোথাও আবার পড়ে থাকে আবর্জনা। সেই সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি গোটা এলাকার পরিকাঠামোর আধুনিকীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, হাওড়া স্টেশনের মেইন সাবওয়ে এবং হাওড়া ফেরিঘাট সাবওয়ের আধুনিকীকরণে প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। ১৭০ বছরেরও বেশি পুরনো হাওড়া স্টেশনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এই সাবওয়েগুলিকেই এবার আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কেএমডিএ, রেল, পুরসভা ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই কাজ হবে।

পুর ও নগরোন্নয়ন দফতরের পরিকল্পনা অনুযায়ী, সাবওয়েগুলিকে মেট্রো স্টেশনের আদলে সাজানো হতে পারে। যাত্রীদের সুবিধার জন্য এসক্যালেটর, এসি-সহ আধুনিক পরিকাঠামো যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই। তাঁর কথায়, এখন প্রধান লক্ষ্য হল, যাত্রীদের আরও ভালোভাবে পরিষেবা দিতে নানা দফতরের সমন্বয়ে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া। সাবওয়ে ছাড়া হাওড়া স্টেশনের আধুনিকীকরণের পরিকল্পনা করা সম্ভব নয়। সাবওয়েকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক করার পাশাপাশি মেট্রো স্টেশনের মতো পরিকাঠামো তৈরির লক্ষ্য রয়েছে।

বাস টার্মিনাসের উপর বহুতল

শুধু সাবওয়ে নয়, হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাসেরও আমূল পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। বর্তমান বাসস্ট্যান্ডের উপর তৈরি হতে পারে বহুতল মাল্টিপারপাস কমপ্লেক্স।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী—

গ্রাউন্ড ফ্লোর: বাস টার্মিনাস

দোতলা ও তিনতলা: গাড়ি পার্কিং

চারতলা থেকে সাততলা: শপিং মল

আটতলা থেকে এগারোতলা: অফিস

বারোতলা: ফুড কোর্ট

সবার উপরে: মাল্টিপ্লেক্স

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হাওড়া বাস টার্মিনাস শুধুমাত্র বাস চলাচলের জায়গা না থেকে একটি বহুমুখী কমপ্লেক্সে পরিণত হতে পারে। ৫ বছরের মধ্যে এই এলাকার চেহারা বদলের স্বপ্ন আছে৷ এই প্রকল্পের জন্য একটি টাস্ক ফোর্স তৈরির কথাও জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী।

বাস টার্মিনাস থেকে স্টেশন, স্কাইওয়াক

এই স্কাইওয়াক তৈরি হলে বাস টার্মিনাস থেকে হাওড়া স্টেশন এবং মেট্রো স্টেশন এক পথে জুড়ে যাবে হাওড়া স্টেশন চত্বরের যানজট এবং যাত্রীদের চলাচলের সমস্যা কমাতে বাস টার্মিনাস থেকে হাওড়া স্টেশন পর্যন্ত স্কাইওয়াক তৈরির পরিকল্পনা রয়েছে। রেল সূত্রে খবর, প্রস্তাবিত স্কাইওয়াক তৈরি হলে বাস টার্মিনাস থেকে হাওড়া স্টেশন এবং মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রীদের যাতায়াত আরও সহজ হতে পারে। এমনকি নির্দিষ্ট প্ল্যাটফর্ম পর্যন্ত যাত্রীদের পৌঁছে দেওয়ার বিষয়টিও পরিকল্পনায় রাখা হচ্ছে। সিনিয়র ডিসিএম, হাওড়া রাহুল রঞ্জন জানিয়েছেন, ‘একটা স্কাইওয়াকের পরিকল্পনা রয়েছে। যাতে যাত্রীরা নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারেন। ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত তো নিয়ে যেতেই পারি। ডিপিআর হবে।’

পাঁচ বছরে বদলে যেতে পারে হাওড়া স্টেশন চত্বর

পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার চেহারা বদলে দেওয়ার লক্ষ্য রয়েছে। সাবওয়ে, বাস টার্মিনাস এবং যাত্রী চলাচলের পরিকাঠামো—সবকিছুকে একসঙ্গে আধুনিক করার পরিকল্পনা রয়েছে। হাওড়া স্টেশনের মতো গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্রকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতেই এই পরিকল্পনা বলে প্রশাসনিক সূত্রে খবর। তবে প্রস্তাবিত প্রকল্পগুলির চূড়ান্ত নকশা, ডিপিআর এবং বাস্তবায়নের সময়সীমা এখনও নির্ধারিত হয়নি।