ভরা বসন্তে 'বর্ষা!' ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরে দুর্যোগের সতর্কতা, কলকাতায় কী বৃষ্টি হবে?
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রপাত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজ্যের আবহাওয়ায় ফের বড়সড়ো বদল। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশে ঘন কালো মেঘ, বইছে ফুরফুরে হাওয়া। সেই সঙ্গে আবার ভ্যাপসা একটা গরমও রয়েছে। এরমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এই বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আগামী দু'দিন তাপমাত্রা ফের বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলতে পারে।

বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখাও বিস্তৃত। জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। যার জেরে বাংলাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মূলত ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার প্রভাব আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কয়েকদিন ধরে কিছু জেলায় হালকা থেকে ছিটেফোঁটা, আবার কিছু জায়গায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। যদিও প্রশ্ন উঠছে, আজ বাংলার বাকি জেলাগুলির পরিস্থিতি কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রপাত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় এক-দু’টি স্থানে বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি অংশে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনাই বেশি। তবে রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতেও। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরে ছয় জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
E-Paper











