রবিবার থেকে ঝমঝমিয়ে বৃষ্টি! ভিজতে পারে কোন কোন জেলা? জানুন এক ক্লিকে
রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের জেলাগুলিতে।
হোলি কাটিয়ে মেজাজে ফিরছে রাজ্য। বাড়ছে গরম, এরই মধ্যে ফের বৃষ্টির ভ্রূকুটি বঙ্গে। ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ফলে আগামী কয়েক দিনে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে। যার ফলে আবহাওয়ায় পরিবর্তন দেখা দিচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ রয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন একটু বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে। শীতের আমেজ উধাও। বাড়তে চলছে উষ্ণতাও। আগামী শনিবার আবহাওয়ার বদল হবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গেও আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে পরবর্তী সাতদিন। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের জেলাগুলিতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং-কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে।
তিলোত্তমার আবহাওয়া
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য হলেও উপরে। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুদিন সামান্য বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৯০ শতাংশ।
E-Paper











