২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
WB Weather: বাংলায় ফের বৃষ্টির চোখরাঙানি! ২৯ নভেম্বর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, তৈরি হতে পারে নিম্নচাপ, আপাতত নামছে পারদ
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। শহর ও সংলগ্ন এলাকায় পারদ ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে। অন্য দিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
টানা বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা বঙ্গোপসাগরে। এক দিকে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে বাংলায়, অন্য দিকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে জোড়া ঘূর্ণাবর্ত। আগামী ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। ফলে ডিসেম্বরের শুরুতে আবহাওয়ার নতুন করে পরিবর্তন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। তবে এখনই রাজ্যজুড়ে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত তাপমাত্রা কমার ফলে শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। শহর ও সংলগ্ন এলাকায় পারদ ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে। অন্য দিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তুরে হাওয়ার প্রভাবে সকাল ও সন্ধ্যায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দু'দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। কোথাও কোথাও সামান্য বাড়তে পারে পারদ।
চোখরাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঊর্ধ্ব বায়ুর ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে ৩০ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ডিসেম্বরের ২ তারিখ নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্য দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা-দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুটি আবহাওয়া ব্যবস্থা নিয়ে নজর রাখছেন আবহবিদরা। তবে আন্দামান সাগরের ঘূর্ণাবর্তের সম্ভাব্য অভিমুখ শ্রীলঙ্কা উপকূলের দিকে হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে ইঙ্গিত মিলেছে। ফলে তার প্রভাব সরাসরি বাংলায় কতটা পড়বে, তা এখনই বলা যাচ্ছে না।
দার্জিলিঙে ৫, সান্দাকফুতে ৩ ডিগ্রি
এদিকে উত্তরবঙ্গেও জাঁকিয়ে বসছে শীত। দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। সান্দাকফুতে রাতের পারদ ৩ ডিগ্রিতে পৌঁছেছে। ভোরের দিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার দাপটও দেখা যাচ্ছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হচ্ছে। পর্যটকদের কাছে পাহাড়ের এই শীতের আবহ বেশ উপভোগ্য হয়ে উঠেছে।
আবহাওয়া দপ্তরের ২৬ নভেম্বরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা। দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টির প্রবণতা বাড়লেও বাংলায় ব্যাপক বৃষ্টির নির্দিষ্ট পূর্বাভাস নেই।
অর্থাৎ আপাতত শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না নতুন ঘূর্ণাবর্ত। তবে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরের পরিস্থিতির উপর নির্ভর করবে বাংলার আবহাওয়া। নিম্নচাপের গতিপথ ও শক্তি বদলালে বৃষ্টির পূর্বাভাসেও পরিবর্তন হতে পারে। তাই শীতের আমেজ কত দিন বজায় থাকে, সেদিকেই নজর আবহবিদদের।
E-Paper
