Birbhum Encounter: আবারও এনকাউন্টার রাজ্যে! নিহত শান্তিনিকেতনে পুলিশকে গুলির অভিযোগে ধৃত রতন শেখ
Birbhum Encounter: গত শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতনের লাইকবাজারে এলাকায় অন্য একটি মামলার সূত্রে রতন শেখকে ধরতে যায় পুলিশ। পালানোর ছক কষে সে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, যা তাঁর বাঁ পায়ে লাগে।
Birbhum Encounter: রাজ্যে ফের এনকাউন্টারের (Encounter) ঘটনা। বীরভূমের (Birbhum) শান্তিনিকেতন থানা এলাকার লাইকবাজারে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলকে গুলি করার অপরাধে মূল অভিযুক্ত রতন শেখ পুলিশের পালটা গুলিতে প্রাণ হারিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, নানুরের চারকোল গ্রামের একটি নির্জন ইটভাটায় আত্মগোপন করে রয়েছে ওই অভিযুক্ত। সেখানে পুলিশ হানা দিলে বাহিনীকে লক্ষ্য করে সে গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ও আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে গুরুতর জখম হয় রতন শেখ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

গত শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতনের লাইকবাজারে এলাকায় অন্য একটি মামলার সূত্রে রতন শেখকে ধরতে যায় পুলিশ। পালানোর ছক কষে সে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, যা তাঁর বাঁ পায়ে লাগে। আহত বিশ্বজিৎ দাসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবার ওই কনস্টেবলকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শনিবারই বর্ধমান মেডিক্যালে আহত পুলিশকর্মীকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্বজিৎ দাসের সাহসিকতার প্রশংসা করে তিনি কড়া বার্তায় বলেন, ‘পুলিশের এই রক্ত বৃথা যাবে না। উপযুক্ত শাস্তি পাবে দোষী।’ তিনি আরও যোগ করেন, ‘ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যা করার আমরা তা করব। আমি আইনের কথা বলব।’ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য ছিল, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার স্বাধীনতা বাহিনীর আছে এবং আত্মরক্ষার অধিকার পুলিশেরও রয়েছে।
নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা নিহত রতনের বিরুদ্ধে মাদক পাচার এবং বেআইনি অস্ত্র রাখার মতো একাধিক অভিযোগ ছিল। কয়েকমাস আগে গ্রেফতার হওয়ার পর শুক্রবারই সে জামিন পায়। এরপর অন্য একটি মামলায় তাকে ধরতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এদিকে, রতনের এত সহজে জামিন পাওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পুজোর ছুটির মাঝে কীভাবে ওই দুষ্কৃতী জামিন পেল এবং ওই মামলার সরকারি আইনজীবীর ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। একসঙ্গে ৩৬টি মামলায় রতনের জামিন পাওয়ার বিষয়টিও গভীর খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। অন্যদিকে রাজ্যে পঞ্চম ‘এনকাউন্টার’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জাগয়া নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুন্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।' বিজেপি বাংলায় ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'অপরাধীরা ছাড় পাবে না। সকালে জমা, বিকেলে খরচ হবে।'
প্রসঙ্গত, ছ’মাসের বিজেপি সরকারের আমলে এটি পঞ্চম ‘এনকাউন্টারের’ ঘটনা। এর আগে বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ, রায়গঞ্জে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছিলেন অভিযুক্তেরা।
E-Paper

