‘অপরিণত কথা বলছেন রত্না দেবনাথ’, পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে বিধায়কের মন্তব্যে অস্বস্তি!
পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের মন্তব্যকে অপরিণত বলে কটাক্ষ করেছেন অর্জুন। তাঁর কথায়, আবেগের বশে এই ধরনের কথা বলেছেন রত্না। এমন মন্তব্য না করাই ভাল ছিল। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত বলেও মনে করেন তিনি। অর্জুন বলেন, কেউ খুন করে থাকলে প্রশাসনের দায়িত্ব অভিযুক্তদের গ্রেফতার করা।
পানিহাটিতে দলীয় কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে এবার অস্বস্তিতে পড়ল বিজেপি। দলের অন্দরের সংঘাত এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। মৃত কর্মী অরূপ সাহার বাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে তিনি আক্ষেপ করেছিলেন, বিজেপি ক্ষমতায় না এলেই হয়তো ভাল হত! তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এবার রত্নার বক্তব্যের সমালোচনায় সরব হলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে মুখ খুলেছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষও। দু’জনেরই বক্তব্য, দলের সমস্যা প্রকাশ্যে না এনে সংগঠনের মধ্যে আলোচনা করা উচিত ছিল।

কী বললেন অর্জুন সিং?
পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের মন্তব্যকে অপরিণত বলে কটাক্ষ করেছেন অর্জুন। তাঁর কথায়, আবেগের বশে এই ধরনের কথা বলেছেন রত্না। এমন মন্তব্য না করাই ভাল ছিল। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত বলেও মনে করেন তিনি। অর্জুন বলেন, কেউ খুন করে থাকলে প্রশাসনের দায়িত্ব অভিযুক্তদের গ্রেফতার করা। তাঁর দাবি, গ্রেফতারের পদক্ষেপও হয়েছে। অর্থাৎ, দলের বিধায়কের প্রকাশ্য মন্তব্যকে যে তিনি ভাল চোখে দেখছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন পরিবহণমন্ত্রী।
কী বললেন দিলীপ ঘোষ?
একই বিষয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, দলের কোথাও সমস্যা থাকলে তা সংগঠনের মধ্যেই আলোচনা করা প্রয়োজন। দলের নেতারাই সেই সমস্যা খতিয়ে দেখে সমাধানের পথ বের করবেন। সংবাদমাধ্যমের সামনে এই ধরনের মন্তব্য করলে সমস্যার সমাধান হয় না। বরং নতুন করে জটিলতা তৈরি হতে পারে। রত্না দেবনাথেরও উপযুক্ত জায়গায় নিজের অভিযোগ জানানো উচিত ছিল বলে মনে করেন তিনি।
কী ঘটেছিল পানিহাটিতে?
গত শনিবার রাতে পানিহাটিতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপির এক মণ্ডল সম্পাদক রুমা সাহার স্বামী অরূপ সাহা এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে রবিবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
অভিযোগ, পানিহাটি ১ নম্বর মণ্ডলে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ করেছিলেন বিজেপি নেত্রী রুমা। তার পরেই দলের কয়েকজন কর্মী তাঁকে প্রকাশ্যে অপমান করেন। স্ত্রীর অপমানের প্রতিবাদ করতে এগিয়ে আসেন অরূপ। অভিযোগ, সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করা হয়। বুকে ঘুষি মারার অভিযোগও উঠেছে। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
এই ঘটনার পরেই বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হন রত্না। তাঁর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা একাংশের নেতাকর্মীর প্রভাব বাড়ছে। পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমনকি স্থানীয় সাংগঠনিক পদে নিয়োগের ক্ষেত্রেও বিধায়ককে অন্ধকারে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপও দাবি করেছেন রত্না।
রবিবার অরূপের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিধায়ক। মৃতের সন্তানদের সামনে দাঁড়িয়ে তাঁর আক্ষেপ, বিজেপি ক্ষমতায় না এলেই হয়তো ভাল হত। তা হলে অরূপকে এভাবে প্রাণ হারাতে হত না। তিনি নিজেকে এই পরিবারের দুর্দশার জন্য দায়ী বলেও মনে করেন।
একদিকে বিধায়কের প্রকাশ্য ক্ষোভ, অন্যদিকে দলের শীর্ষ নেতাদের পালটা মন্তব্য। সব মিলিয়ে পানিহাটির ঘটনা বিজেপির অন্দরের টানাপড়েনকে আরও একবার সামনে নিয়ে এল। এখন দেখার, এই ঘটনার তদন্তে প্রশাসন কী পদক্ষেপ করে এবং দলের নেতৃত্ব কীভাবে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেয়।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


