বছরশেষে কাঁপছে তিলোত্তমা! এক ধাক্কায় পারদ নামল ১১ ডিগ্রিতে, শীতের রেকর্ড জেলায়

জোড়া ফলায় উত্তরের রাজ্যগুলিতে তীব্র শীত অনুভূত হবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় পারদ ৪-৬ ডিগ্রি পর্যন্ত হতে পারে।

Published on: Dec 31, 2025, 15:42:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বছরের শেষ দিনেও জাঁকিয়ে শীত। আর তাতেই কাঁপছে তিলোত্তমা। চলতি মরসুমের শীতলতম দিন আজ, বুধবার। কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা একদিনের মধ্যে প্রায় ১.৬ ডিগ্রি কমে গেছে এবং স্বাভাবিকের চেয়ে প্রায় ২.৮ ডিগ্রি নীচে। জবুথবু জেলার মানুষও। কুয়াশায় মুড়েছে পথঘাট। কমেছে দৃশ্যমানতা।

বছরশেষে কাঁপছে তিলোত্তমা! (Rahul Sharma)
বছরশেষে কাঁপছে তিলোত্তমা! (Rahul Sharma)

শীতলতম দিনের সাক্ষী তিলোত্তমা

বুধবার সকালে শহরতলির রাস্তা ও পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। এই কুয়াশা শহরের যাতায়াতেও সমস্যা সৃষ্টি করছে। ডিসেম্বরের শেষ কয়েকটা দিন শীতে জবুথবু কলকাতাবাসী। তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২-১৩ ডিগ্রির আশেপাশে। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর ওঠেনি, যা স্বাভাবিকের তুলনায় ৫.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে কমবেশি কুয়াশা থাকবে, তবে দুপুরের পর আকাশ পরিষ্কার হবে। এদিন কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রির ঘরে। মৌসম ভবন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে শেষবার ১১ ডিগ্রির ঘরে নেমেছিল শহরের পারদ।

জেলার খবর

জেলাগুলোতে তাপমাত্রা আরও কম। বেলা বাড়লেও কুয়াশায় মুড়ে থাকছে পথঘাট। একহাত দূরেও দেখতে বেশ বেগ পেতে হচ্ছে। গত কয়েক দিনে হিমেল হাওয়া শহর ও রাজ্যের বিভিন্ন জেলায় প্রবেশ করেছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার পথে কোনও বাধা না থাকার কারণে রাজ্যজুড়ে ঠান্ডা বাড়ছে। যদিও নতুন বছরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে হাড় কাঁপানো ঠান্ডা কিছুটা রেহাই দেবে কি না তা নিশ্চিত নয়। তবে আপাতত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বেলা পর্যন্ত কুয়াশা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৯ থেকে ১০ ডিগ্রি। কোথাও কোথাও খানিকটা বেড়ে ১২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে উপকূলের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতার পারদ চড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের কুয়াশা পরিস্থিতি আরও ভয়াবহ। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সেখানে দৃশ্যমানতা সকালবেলা ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নামতে পারে। বিশেষ করে কোচবিহার ও জলপাইগুড়িতে বিকেলের দিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছে যেতে পারে। এদিকে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এছাড়া কেরলের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় উত্তরের রাজ্যগুলিতে তীব্র শীত অনুভূত হবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় পারদ ৪-৬ ডিগ্রি পর্যন্ত হতে পারে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ৩.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। উত্তরবঙ্গে চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।