Rejinagar By-Election Update: ভোট শুরু হতেই রণংদেহি হুমায়ুন, রেজিনগরে পুলিশের বিরুদ্ধে ‘প্রয়োজনে যুদ্ধে যাওয়ার’ ঘোষণা
হুমায়ুনের দাবি, তাঁর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। একই সঙ্গে তাঁর অভিযোগ, বিভিন্ন বুথে দলের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। রেজিনগরের একাধিক বুথে ভোট লুটের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সকাল ৭টা। ঘড়ির কাঁটা নির্দিষ্ট সময় ছুঁতেই নন্দীগ্রাম এবং রেজিনগরে শুরু হয়ে গেল ভোটগ্রহণ। তার আগে বিভিন্ন বুথে শেষ হয় মক পোল। ভোট শুরুর সঙ্গে সঙ্গে বুথে বুথে ভিড় জমাতে শুরু করেন ভোটাররা। কিন্তু রেজিনগরে সকাল গড়ানোর আগেই রাজনৈতিক উত্তেজনার আঁচ।

সকাল সকাল ভোট দিলেন আজুপ নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। ভোটের সময়ের আগেই সপরিবারে নিজের বুথে পৌঁছে যান তিনি। ভোট দিয়ে বেরোনোর পরই অবশ্য সরব হন হুমায়ুন। পুলিশের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তোলেন তিনি।
হুমায়ুনের দাবি, তাঁর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। একই সঙ্গে তাঁর অভিযোগ, বিভিন্ন বুথে দলের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। রেজিনগরের একাধিক বুথে ভোট লুটের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সামনে কার্যত ক্ষুব্ধ বিধায়ক। তাঁর অভিযোগ, বুথে বুথে বিজেপিকে বাধা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী বাইরে রয়েছে, অথচ বুথের ভিতরে সমস্যার সৃষ্টি করা হচ্ছে বলে দাবি তাঁর। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
হুমায়ুন বলেন, 'ভোটলুট হচ্ছে সকাল থেকে। রেজিনগরে ভোট লুট হচ্ছে। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। বাহিনী বাইরে আছে। বুথে বুথে বাধা দিচ্ছে বিজেপি। কমিশন ঘুমোচ্ছে।'
পুলিশের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান নওদার বিধায়ক। তাঁর অভিযোগ, সাধারণ ভোটারদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করছে। এমনকি পুলিশকে প্রতিরোধ করার কথাও বলেন তিনি। সাধারণ মানুষকে প্রয়োজনে মুগুর নিয়ে রুখে দাঁড়ানোর ডাক দেন হুমায়ুন।
তিনি বলেন, 'প্রয়োজনে পুলিশের সঙ্গে যুদ্ধে যাব।' রেজিনগরের ওসিকে উদ্দেশ্য করেও সরাসরি হুঁশিয়ারি দেন বিধায়ক। তাঁর বক্তব্য, ভোট লুটের অভিযোগ থাকলে তিনি পুলিশের পদক্ষেপের পরোয়া করছেন না। এমনকি তাঁকে গ্রেফতার করার চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। হুমায়ুনের মন্তব্য, 'রেজিনগরের ওসিকে কী করি দেখুন। ভোটলুট করবে আর পুলিশকে কী রসগোল্লার হাঁড়ি পাঠাব? পুলিশ আমাকে গ্রেপ্তার করুক।'
অন্যদিকে, রেজিনগরের পাশাপাশি নন্দীগ্রাম কেন্দ্রেও আজ সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। ভোট শান্তিপূর্ণ ভাবে শেষ করাই এখন নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। রেজিনগরে হুমায়ুন কবীরের অভিযোগের পর পরিস্থিতির দিকে বিশেষ নজর থাকছে প্রশাসনের। দিনের বাকি সময়ে নতুন করে কোনও অশান্তি ছড়ায় কি না, সেটাই এখন দেখার।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


