RG Kar Case Latest Update: ‘হাইকোর্ট এত বোকা নয় যে…..’, ‘মূর্খ’ সিবিআইকে তোপ আরজি করের নির্যাতিতার বাবার

আরজি কর মেডিক্যাল ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে মূর্খ বলেও আক্রমণ করলেন তিনি। চরম উষ্মা প্রকাশ করেছেন।

Published on: Feb 20, 2026, 08:06:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সিবিআইয়ের বিরুদ্ধে তুমুল উষ্মাপ্রকাশ করলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা। সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে নির্যাতিতার বাবা দাবি করেন, আরজি কর মেডিক্যাল ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় বড়সড় ষড়যন্ত্র আছে। তাই আরও তদন্ত প্রয়োজন। সেই রেশ ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ‘মূর্খ’ বলেও উল্লেখ করেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা। তিনি দাবি করেন, পুরো ষড়যন্ত্রের পিছনে রাজ্য সরকারও আছে। প্রথম দিন থেকেই রাজ্য পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকী পুরো ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমদের বিরুদ্ধে তাঁদের কাছে যথেষ্ট প্রমাণও আছে বলে দাবি করেছেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা।

আরজি কর কাণ্ডের প্রতিবাদ কলকাতায়। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
আরজি কর কাণ্ডের প্রতিবাদ কলকাতায়। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

এরকম 'মূর্খ' সিবিআই দেশের এজেন্সি? বিরক্ত নির্যাতিতার বাবা

ওই সংবাদসংস্থার সাক্ষাৎকারে নির্যাতিতার বাবা বলেন, '(কলকাতা) হাইকোর্ট এত বোকা নয় যে এই মামলাটা একদিন শুনেই সিবিআইয়ের মতো মূর্খের হাতে মামলা তুলে দেবে। এরকম মূর্খ সিবিআই যে আমাদের দেশের তদন্তকারী এজেন্সি, সেটার জন্য আমরা ব্যথিত।'

সিবিআইয়ের বিরুদ্ধে চূড়ান্ত বিরক্তি প্রকাশ বাবার

সেই রেশ ধরে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে চুরি করেছে, সে সামনে এসে বলবে যে চুরি করেছে? যাঁরা ষড়যন্ত্র করে আমার মেয়েকে হত্যা করেছে, তাঁরা কি সামনে এসে বলবেন নাকি যে আমরা মেরেছি? (সিবিআইয়ের মতো) তদন্তকারী এজেন্সিকে (আরজি কর মামলার তদন্তভার দিয়ে) হাইকোর্ট বড় ভুল করেছে।’

সেইসঙ্গে তিনি দাবি করেন, কলকাতা পুলিশও ঠিকমতো আরজি কর মামলার তদন্ত করেনি। সিবিআইও তদন্ত করছে না ঠিকভাবে। সেই পরিস্থিতিতে আদালতের উপরে ভরসা রাখছেন তাঁরা। হাইকোর্টে শুনানি হলে সবাইকে জবাবদিহি করতে হবে বলে আশাপ্রকাশ করেছেন আরজি করের নির্যাতিতার বাবা।

কলকাতা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আইনজীবীর

একইসুরে নির্যাতিতার পরিবারের আইনজীবী দাবি করেছেন, পুরো ঘটনায় কলকাতা পুলিশ জড়িত থাকতে পারে। ইচ্ছাকৃতভাবেই পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করেনি বলে দাবি করেছেন পরিবারের আইনজীবী। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, আসল দোষীকে বাঁচানোর জন্য একমাত্র সামনে আনা হতে পারে সঞ্জয় রায়কে। যে সঞ্জয়কে ইতিমধ্যে দোষীসাব্যস্ত করেছে নিম্ন আদালত। আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, সিবিআইয়ের যেভাবে তদন্ত করা উচিত ছিল, সেভাবে করেনি। যে এএসআই অনুপ দত্তকে অন্যতম সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে, তিনি জামিন পেয়ে গিয়েছেন। প্রতিটি স্টেটাস রিপোর্টে সিবিআই জানিয়ে আসছে যে তারা তদন্ত করছে। কিন্তু নির্দিষ্টভাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তরফে কিছু জানানো হয়নি বলে দাবি করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More