RG Kar Rape and Murder Case: মমতার নির্দেশে তিলোত্তমার ভিসেরা নমুনা নষ্টের অভিযোগ, সামনে বিস্ফোরক চিঠি

রাজ্য ফরেনসিক পরীক্ষাগারে সংরক্ষিত ভিসেরা নমুনা ইচ্ছাকৃতভাবে নষ্ট করার বিস্ফোরক অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। এক প্রাক্তন ফরেনসিক আধিকারিকের পাঠানো চিঠির ভিত্তিতে এই অভিযোগ সামনে এসেছে।

Published on: Jul 2, 2026, 13:47:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার রাজ্য ফরেনসিক পরীক্ষাগারে সংরক্ষিত ভিসেরা নমুনা ইচ্ছাকৃতভাবে নষ্ট করার বিস্ফোরক অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। এক প্রাক্তন ফরেনসিক আধিকারিকের পাঠানো চিঠির ভিত্তিতে এই অভিযোগ সামনে এসেছে। পরিবারের দাবি, ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক ভিসেরা নমুনা নষ্ট বা পরিবর্তন করেছেন। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ করা হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে।

তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে তিলোত্তমার বাবার নামে একটি চিঠি আসে। সেটি পাঠিয়েছেন রাজ্য ফরেনসিক বিভাগের এক প্রাক্তন আধিকারিক। চিঠিতে দাবি করা হয়েছে, ময়নাতদন্তের সময় তিলোত্তমার শরীর থেকে সংগ্রহ করা গুরুত্বপূর্ণ ভিসেরা নমুনা পরে বদলে ফেলা হয়। তদন্তের স্বার্থে লিভার, কিডনি ও পাকস্থলীর নমুনা সংগ্রহ করা হয়েছিল, যাতে বোঝা যায় মৃত্যুর আগে তাঁকে কোনও বিষাক্ত পদার্থ বা ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল কি না। কিন্তু অভিযোগ, সেই নমুনাগুলিই পরে পরিবর্তন করে দেওয়া হয়। পরিবারের আরও দাবি, শুধু রাজ্য ফরেনসিক পরীক্ষাগারেই নয়, সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর সময়ও নমুনা বদলে ফেলা হয়েছে। ফলে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এই অভিযোগের জেরে তদন্তের নিরপেক্ষতা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে প্রাপ্ত চিঠিটি শিয়ালদহ আদালতে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিলোত্তমার পরিবার। আদালতের কাছে তাঁদের আবেদন থাকবে, অভিযোগের সত্যতা যাচাই করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হোক। পরিবারের বক্তব্য, এত গুরুতর অভিযোগের নিরপেক্ষ তদন্ত না হলে প্রকৃত সত্য সামনে আসবে না এবং বিচারপ্রক্রিয়াও প্রশ্নের মুখে পড়বে। চিঠিতে আরও একটি বিস্ফোরক দাবি করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি ও সিপিএম কর্মীদের একাধিক মামলাতেও একই তিন ফরেনসিক কর্মী ভিসেরা নমুনা নষ্ট করেছিলেন। যদিও এই অভিযোগের পক্ষে এখনও পর্যন্ত কোনও সরকারি নথি বা স্বাধীন তদন্তের রিপোর্ট সামনে আসেনি।

এদিকে, এই অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলগুলি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। অন্যদিকে, সংশ্লিষ্ট ফরেনসিক বিভাগ বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এখন নজর শিয়ালদহ আদালতের দিকে। আদালত যদি সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তবে তিলোত্তমা মামলায় ফরেনসিক প্রমাণ সংক্রান্ত অভিযোগের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More