VB-G RAM G Scheme: জি রাম জি'র চুক্তিভিত্তিক কর্মীদের বড় সুখবর! মাসিক বেতন বৃদ্ধি, ৬০ বছর পর্যন্ত চাকরির সুরক্ষা
VB-G RAM G Scheme: সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই কর্মীদের মাসিক বেতন ৩ শতাংশ করে বৃদ্ধি পাবে। এছাড়াও, যে কর্মীরা অন্তত দশ বছর সন্তোষজনকভাবে কাজ করেছেন, তাঁরা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন।
VB-G RAM G Scheme: পশ্চিমবঙ্গে জি রাম জি প্রকল্পে (VB-G RAM G scheme) কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের (Contractual Staff) জন্য সুখবর দিল রাজ্য সরকার। বেতন বাড়ানোর পাশাপাশি চাকরির নিরাপত্তা ও কাজের মর্যাদা নিশ্চিত করতে একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। ১ নভেম্বর ২০২৬ থেকে এই নয়া ব্যবস্থা কার্যকর হয়েছে।
জি রাম জি'র চুক্তিভিত্তিক কর্মীদের বড় সুখবর! (সৌজন্যে এক্স)
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমান আয় এবং কাজের অভিজ্ঞতার নিরিখে কর্মীদের মাসিক পারিশ্রমিক ৬,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যেসব কর্মীর মাসিক বেতন ২৫,০০০ টাকা পর্যন্ত, তাঁদের অভিজ্ঞতা দশ বছরের কম হলে মাসে ৬,০০০ টাকা এবং দশ বছর বা তার বেশি হলে মাসে ৭,০০০ টাকা বেতন বাড়ছে। যাঁদের মাসিক পারিশ্রমিক ২৫,০০০ টাকার বেশি কিন্তু ৪৫,০০০ টাকা পর্যন্ত, তাঁরা দশ বছরের কম অভিজ্ঞতায় মাসে ৭,০০০ টাকা এবং দশ বছর বা তার বেশি অভিজ্ঞতায় মাসে ৮,০০০ টাকা অতিরিক্ত পাবেন।
মাসিক আয় বাড়ার পাশাপাশি জি রাম জি প্রকল্পের কর্মীদের জন্য বার্ষিক ইনক্রিমেন্টের পথও খুলেছে। সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই কর্মীদের মাসিক বেতন ৩ শতাংশ করে বৃদ্ধি পাবে। এছাড়াও, যে কর্মীরা অন্তত দশ বছর সন্তোষজনকভাবে কাজ করেছেন, তাঁরা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন। তবে এই সুযোগ পেতে হলে প্রকল্পের পর্যাপ্ততা, সন্তোষজনক কাজের রেকর্ড এবং নির্ধারিত শর্ত পূরণ করতে হবে, পাশাপাশি প্রতি বছর চুক্তি নবীকরণের নিয়ম আগের মতোই বহাল থাকবে। ছুটির ক্ষেত্রেও বড় বদল এসেছে এই ঘোষণায়। নতুন ঘোষণা অনুযায়ী, যোগ্য কর্মীরা বছরে ৩০ দিন ছুটি এবং ১০ দিন চিকিৎসা সংক্রান্ত ছুটি পাবেন। মহিলা কর্মীদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি রাখা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে ৪২ দিনের ছুটির সুবিধা মিলবে। তবে জি রাম জি প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীরা এই সুবিধা পেলেও চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের এই তালিকার বাইরে রাখা হয়েছে। যোগ্য কর্মীদের কাছে দ্রুত এই সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।
উল্লেখ্য, জি রাম জি প্রকল্পের অধীনে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের আইনি নিশ্চয়তা রয়েছে। এই প্রকল্প ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে প্রকল্পে কাজ পাওয়া সাধারণ জব কার্ডধারী শ্রমিক এবং প্রকল্প পরিচালনার কাজে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মী এক শ্রেণির নন। সাম্প্রতিক বেতন বৃদ্ধির ঘোষণা মূলত দ্বিতীয় শ্রেণির কর্মীদের জন্য।
Home/Bengal/VB-G RAM G Scheme: জি রাম জি'র চুক্তিভিত্তিক কর্মীদের বড় সুখবর! মাসিক বেতন বৃদ্ধি, ৬০ বছর পর্যন্ত চাকরির সুরক্ষা