Salt Lake Metro Station Pillar Crack: এবার সল্টলেকের সিটি সেন্টার স্টেশনে মেট্রোর পিলারে ফাটল! কী জানাল কর্তৃপক্ষ?
বুধবার সকালে সংবাদমাধ্যমের থেকে সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল দেখা যাওয়ার খবর পায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান মেট্রোর শীর্ষ আধিকারিক, চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র আধিকারিক এবং স্ট্রাকচার বিশেষজ্ঞরা। দীর্ঘক্ষণ ধরে তাঁরা পিলারটি খুঁটিয়ে পরীক্ষা করেন।
কলকাতা মেট্রোয় ফের পিলারে ফাটল ঘিরে উদ্বেগ ছড়াল। কবি সুভাষ মেট্রো স্টেশনের পর এবার গ্রিন লাইনের সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল দেখা যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ফাটলটি পিলারের বাইরের অংশে বা ক্ল্যাডিংয়ে হয়েছে। মূল কাঠামো অক্ষত রয়েছে। তাই যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই এবং মেট্রো পরিষেবাও স্বাভাবিকভাবেই চলছে।

বুধবার সকালে সংবাদমাধ্যমের থেকে সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল দেখা যাওয়ার খবর পায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান মেট্রোর শীর্ষ আধিকারিক, চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র আধিকারিক এবং স্ট্রাকচার বিশেষজ্ঞরা। দীর্ঘক্ষণ ধরে তাঁরা পিলারটি খুঁটিয়ে পরীক্ষা করেন।
পরীক্ষার সময় প্রথমে পিলারের বাইরের প্লাস্টারের অংশ সরিয়ে দেখা হয়। তখন বাইরে থেকে ফাটলটি বেশ স্পষ্ট এবং কিছুটা চওড়া বলে দেখা যায়। তবে বিস্তারিত পরীক্ষার পর ইঞ্জিনিয়াররা জানান, ফাটলটি শুধুমাত্র বাইরের আবরণ বা ক্ল্যাডিংয়ের মধ্যে সীমাবদ্ধ। পিলারের মূল কংক্রিট কাঠামো বা লোড বহনকারী অংশে কোনও ধরনের ক্ষতি হয়নি।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি সেন্টার স্টেশন সম্পূর্ণ নিরাপদ রয়েছে। গ্রিন লাইনে ট্রেন চলাচলেও কোনও প্রভাব পড়েনি। প্রতিদিনের মতোই নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিষেবা চলছে।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) এস. এস. কান্নান বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানার পরই বিশেষজ্ঞদের পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি শুধুমাত্র ক্ল্যাডিংয়ের ফাটল। অর্থাৎ বাইরের অংশে এই সমস্যা হয়েছে। মূল কাঠামো সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ফলে যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।
যদিও ফাটল কেন তৈরি হল, তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। নির্মাণে কোনও ত্রুটি ছিল কি না, নাকি অন্য কোনও কারণে এই ফাটল তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেজন্যও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, খুব দ্রুত ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ শুরু করা হবে।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে কবি সুভাষ মেট্রো স্টেশনের একটি পিলারে বড় ফাটল ধরা পড়ার পর নিরাপত্তার স্বার্থে স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এখনও সেখানে মেরামতির কাজ চলছে এবং স্টেশনটি চালু করা যায়নি। সেই ঘটনার পর থেকেই মেট্রোর বিভিন্ন কাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
এবার সিটি সেন্টার স্টেশনের পিলারে ফাটল ধরা পড়ায় সেই উদ্বেগ আবারও সামনে এল। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, দুটি ঘটনার মধ্যে কোনও মিল নেই এবং সিটি সেন্টার স্টেশনের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যাত্রী নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ইতিবাচক। তবে শহরের গুরুত্বপূর্ণ এই গণপরিবহণ ব্যবস্থার কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের উপর আরও জোর দেওয়া প্রয়োজন বলেও মনে করছেন তাঁরা।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


