২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
Samik Bhattacharya on Bangladesh: ‘বাংলাদেশে ভাইদের রক্ত ঝরছে, এবার রাস্তায় নামতে হবে’, বড় মন্তব্য শমীক ভট্টাচার্যের
শমীকের কথায়, ‘হিন্দু বাঙালি হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হলে আমাদেরও প্রতিবাদ করতে হবে। ওখানে যাদের প্রাণহানি ঘটছে, তারা হিন্দু। আমাদেরই ভাইয়ের রক্ত ঝরছে। বাঙালি হিন্দু হিসেবে বলছি, রাস্তায় নামতে হবে।’
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে ফের সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ওপার বাংলায় হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এপার বাংলার হিন্দুদের রাস্তায় নামার আহ্বান জানালেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ মানে এপার বাংলার মানুষের আত্মীয়স্বজনের উপর আক্রমণ। তাই শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না, প্রতিবাদে সরাসরি পথে নামতে হবে। একইসঙ্গে দেশভাগের জন্য তৎকালীন কংগ্রেস নেতৃত্ব এবং জওহরলাল নেহরুকে দায়ী করে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশে সাম্প্রতিক অশান্তি এবং সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান শমীক। তাঁর দাবি, দেশভাগের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের বারবার আক্রান্ত হতে হচ্ছে। স্বাধীনতার এত বছর পরেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেই পুরনো ক্ষতকেই আরও গভীর করছে বলে মনে করেন তিনি।
শমীকের কথায়, ‘বাংলাদেশে হিন্দু নির্যাতন, অশান্তি নিয়ে যা বলার বিদেশমন্ত্রকই বলবে। কিন্তু হিন্দু বাঙালি হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হলে আমাদেরও প্রতিবাদ করতে হবে। ওখানে যাদের প্রাণহানি ঘটছে, তারা হিন্দু। আমাদেরই ভাইয়ের রক্ত ঝরছে। বাঙালি হিন্দু হিসেবে বলছি, রাস্তায় নামতে হবে।’
এদিন দেশভাগের ইতিহাস নিয়েও মুখ খোলেন শমীক। তাঁর অভিযোগ, ব্রিটিশদের কূটনৈতিক ষড়যন্ত্র এবং তৎকালীন নেতৃত্বের ভুল সিদ্ধান্তের ফলেই ভারত ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছিল। নেহরু ও ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, দেশভাগের সময় গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন ছিল। কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি বলে তাঁর মত।
নেতাজি সুভাষচন্দ্র বসু প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতে দিতেন না বলেও দাবি করেন শমীক। তাঁর বক্তব্য, নেতাজি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলেন না। তিনি এক রাষ্ট্রের নীতিতে বিশ্বাস করতেন। ফলে নেতাজি দেশের নেতৃত্বে থাকলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি অন্যরকম হতে পারত বলে মনে করেন বিজেপি সভাপতি।
এদিকে বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলায় সাম্প্রতিক হিংসার ঘটনাও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছে। ২০ নভেম্বর সেখানে বিএনপি-ঘনিষ্ঠ দুই নেতার মৃত্যুর পর একাধিক বাড়ি ও সম্পত্তিতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির মধ্যে আওয়ামী লীগ নেতাদের বাড়িও ছিল। তবে বাংলাদেশের পুলিশ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা সেখানে ব্যাপকভাবে হিন্দু পরিবারগুলির উপর হামলার দাবিকে অস্বীকার করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনেও এই বিষয়ে ভিন্ন তথ্য উঠে এসেছে।
তবুও বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে। বিশেষ করে দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও পারিবারিক সম্পর্কের কারণে বাংলাদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শমীক ভট্টাচার্যের এই আহ্বান তাই শুধু বিজেপির রাজনৈতিক বক্তব্য নয়, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে পশ্চিমবঙ্গে নতুন করে আন্দোলনের সম্ভাবনাকেও সামনে নিয়ে এল। এবার এপার বাংলার হিন্দু সংগঠনগুলি কীভাবে তাঁর আহ্বানে সাড়া দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
E-Paper
