Sealdah New AC Local Train Update: শিয়ালদহ-বনগাঁ শাখায় আরও একটি এসি লোকাল, ২০ অগস্ট থেকে শুরু যাত্রা
এখন ৩৩৪৪৯ শিয়ালদহ-বারাসত লোকালটি শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছাড়ে। ট্রেনটি প্রায় ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছয়। তবে এই ট্রেনে প্রত্যাশিত সংখ্যায় যাত্রী হচ্ছেন না বলে রেল সূত্রে খবর। ফলে ট্রেনটির যাত্রাপথ বাড়ানোর দাবি উঠেছিল।
শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীদের জন্য সুখবর। এই রুটে আরও একটি এসি লোকাল পেতে চলেছেন যাত্রীরা। এতদিন শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত চলা একটি এসি লোকালের যাত্রাপথ এবার বাড়িয়ে বনগাঁ পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ অগস্ট থেকে নতুন পথে ট্রেনটি চলাচল শুরু করতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

এখন ৩৩৪৪৯ শিয়ালদহ-বারাসত লোকালটি শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছাড়ে। ট্রেনটি প্রায় ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছয়। তবে এই ট্রেনে প্রত্যাশিত সংখ্যায় যাত্রী হচ্ছেন না বলে রেল সূত্রে খবর। ফলে ট্রেনটির যাত্রাপথ বাড়ানোর দাবি উঠেছিল। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবনাচিন্তা চলছিল। যাত্রীসংখ্যা বাড়ানো এবং ট্রেনটির আরও ভালো ব্যবহার নিশ্চিত করতে শেষ পর্যন্ত বারাসত পর্যন্ত চলা এসি লোকালকে বনগাঁ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
রেলের তরফে এখনও নতুন সময়সূচির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে ট্রেনটির ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সকাল ১০টা ৩৩ মিনিটেই শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে। নতুন ব্যবস্থায় ট্রেনটি সকাল ১১টা ১৪ মিনিটের মধ্যে বারাসত পৌঁছতে পারে। এরপর সেখান থেকে বনগাঁর উদ্দেশ্যে রওনা হবে। বনগাঁ পৌঁছনোর পর কিছুক্ষণ দাঁড়িয়ে আবার শিয়ালদহের দিকে ফিরবে ট্রেনটি।
জানা গিয়েছে, বনগাঁ থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে এসি লোকালটি ছাড়বে। এরপর বিভিন্ন স্টেশন পেরিয়ে ট্রেনটি শিয়ালদহে পৌঁছবে দুপুর ২টা ২৫ মিনিট নাগাদ। এই সিদ্ধান্ত কার্যকর হলে শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীদের একটি অতিরিক্ত এসি লোকাল পরিষেবা পাওয়া যাবে। বিশেষ করে গরমের সময়ে আরামদায়ক যাত্রার ক্ষেত্রে এই পরিষেবা অনেকের কাছে সুবিধাজনক হতে পারে।
বর্তমানে শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত একটি এসি লোকাল চলাচল করে। এবার বারাসত পর্যন্ত চলা আরেকটি এসি লোকালও বনগাঁ পর্যন্ত পৌঁছবে। ফলে এই রুটে এসি ট্রেনের সংখ্যা কার্যত আরও বাড়বে। রেল সূত্রে খবর, নতুন পরিষেবা চালুর মূল উদ্দেশ্য হল ট্রেনটির যাত্রীসংখ্যা বাড়ানো। পাশাপাশি বারাসত ছাড়িয়ে বনগাঁ পর্যন্ত পরিষেবা পৌঁছে দিলে আরও বেশি যাত্রী এই ট্রেন ব্যবহার করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
তবে নতুন সময়সূচি এবং স্টপেজ নিয়ে রেলের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। ফলে শেষ মুহূর্তে সময়ের কিছু পরিবর্তন হতে পারে কি না, তা এখনই নিশ্চিত নয়। তবুও ২০ অগস্ট থেকে এই পরিবর্তন কার্যকর হলে শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। প্রতিদিন অফিস, ব্যবসা এবং অন্যান্য কাজে যাতায়াত করা যাত্রীদের কাছে নতুন এসি লোকাল পরিষেবা কতটা জনপ্রিয় হয়, এখন সেদিকেই নজর।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


