৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের মঞ্চ থেকে মমতাকে নিশানা শুভেন্দুর! কালীমূর্তি ও দিল্লির প্রিজন ভ্যানের প্রসঙ্গ তুলে তোপ

অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু বলেন, নতুন প্রজন্ম বিকশিত ভারত গড়ার জন্য তৈরি হচ্ছে। তাঁর কথায়, যারা রাম মন্দিরের বিরোধিতা করে এবং সনাতনীদের গালিগালাজ করে, তারা দেশের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে। নতুন প্রজন্ম তাদের জবাব দেবে বলেও দাবি করেন তিনি।

Published on: Nov 17, 2026, 12:48:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের রাজনৈতিক আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। একই সঙ্গে তৃণমূলের ১৫ বছরের শাসন এবং রাজ্যের ৩৪ বছরের বাম জমানা নিয়েও কটাক্ষ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে রাম মন্দির, কালীমূর্তি এবং দিল্লি পুলিশের প্রিজন ভ্যানের প্রসঙ্গ। শুভেন্দুর দাবি, সনাতন ধর্মের শক্তি কী, তা সাম্প্রতিক ঘটনাতেই প্রমাণিত হয়েছে।

৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের মঞ্চ থেকে মমতাকে নিশানা শুভেন্দুর! কালীমূর্তি ও দিল্লির প্রিজন ভ্যানের প্রসঙ্গ তুলে তোপ (Saikat Paul)
৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের মঞ্চ থেকে মমতাকে নিশানা শুভেন্দুর! কালীমূর্তি ও দিল্লির প্রিজন ভ্যানের প্রসঙ্গ তুলে তোপ (Saikat Paul)

মঙ্গলবার, ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয় এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। ‘৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা’ পাঠের উদ্যোগকে ঘিরে আয়োজকদের তরফে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। রামানন্দ মিশন পশ্চিমবঙ্গ এবং অগ্রসেন ধামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সম্মিলিত ভাবে হনুমান চালিশা পাঠ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও।

অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু বলেন, নতুন প্রজন্ম বিকশিত ভারত গড়ার জন্য তৈরি হচ্ছে। তাঁর কথায়, যারা রাম মন্দিরের বিরোধিতা করে এবং সনাতনীদের গালিগালাজ করে, তারা দেশের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে। নতুন প্রজন্ম তাদের জবাব দেবে বলেও দাবি করেন তিনি।

এর পরেই রাজ্যের প্রাক্তন দুই সরকারের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ৩৪ বছরের বাম শাসনে নিজেদের নাস্তিক বলে পরিচয় দেওয়া হত। সেই সময় মানুষকে ধর্ম পালনের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এমনকি 'জয় শ্রীরাম' বলতেও বাধা দেওয়া হত বলে দাবি তাঁর। অন্য দিকে, তৃণমূলের ১৫ বছরের শাসনকালে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। রাম মন্দিরের উদ্বোধনের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসে গিয়ে রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন বলেও দাবি করেন তিনি।

তবে এ দিনের বক্তব্যে সবচেয়ে বেশি চর্চা তৈরি হয়েছে কালীমূর্তি এবং দিল্লির প্রিজন ভ্যান প্রসঙ্গ নিয়ে। শুভেন্দু বলেন, “সনাতনের শক্তি দেখুন। কয়েকদিন আগে কালীপুজো করেছি। শ্রীকৃষ্ণ, রাম, কালী, হনুমানের শক্তি দেখুন।” এর পরেই ২০২৫ সালের একটি ঘটনার উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, গত বছর কাকদ্বীপের সূর্যনগরে কালীমূর্তিকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। সেই ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

এর পরেই নাম না করে মমতাকে খোঁচা দেন তিনি। শুভেন্দুর বক্তব্য, ২০২৫ সালে যাঁর নির্দেশে কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, ২০২৬ সালে তাঁকেই দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। উল্লেখ্য, দিল্লিতে বিক্ষোভের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ আটক করেছিল। সেই ঘটনার সঙ্গেই কাকদ্বীপের পুরনো বিতর্ককে জুড়ে দেন শুভেন্দু।

অন্য দিকে, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, সবকিছুকে ভোটের সঙ্গে জুড়ে দেখা উচিত নয়। সনাতন ভারতে গীতা পাঠ এবং হনুমান চালিশা পাঠ চলবে। তাঁর মতে, রাজ্যের সনাতনীরা নিজেদের এত দিনের জমে থাকা ক্ষোভ ও যন্ত্রণার কথা প্রকাশ করছেন। বিশ্বজুড়ে হিংসা ও যুদ্ধের আবহে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা দিতে পারে।

সব মিলিয়ে ধর্মীয় অনুষ্ঠান হলেও নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে শুভেন্দুর বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা উঠে এসেছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কালীমূর্তি ও দিল্লির পুলিশি পদক্ষেপের প্রসঙ্গ তোলায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More