TET rule for teachers: টেট পাশ না করা পুরনো শিক্ষকদেরও চাকরি করতে দেওয়া হোক! শিক্ষামন্ত্রীকে চিঠি

টেট পাশ না করা পুরনো শিক্ষকদেরও চাকরি করতে দেওয়া হোক! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দেওয়া হল। শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগে নিয়োগ হওয়া শিক্ষকদের যাতে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষার আওতা থেকে অব্যাহতি দেওয়া হয়, সেই আর্জি জানানো হয়েছে।

Published on: Feb 12, 2026, 23:36:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেট উত্তীর্ণ হওয়ার শর্ত বাধ্যতামূলক করবেন না। শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগে চাকরি পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের (প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক শিক্ষকদের) ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে টেট উত্তীর্ণ হওয়ার নিয়ম প্রত্যাহার করা হোক। এমনই দাবি তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দেওয়া হল পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে। আগামী শনিবার কলকাতায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর একটি অনুষ্ঠান আছে। সেখানে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার আগে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়া হল।

টেট পাশ না করা পুরনো শিক্ষকদেরও চাকরি করতে দেওয়া হোক! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
টেট পাশ না করা পুরনো শিক্ষকদেরও চাকরি করতে দেওয়া হোক! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

কোন কোন দাবি তোলা হয়েছে?

১) শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগে নিয়োগ হওয়া শিক্ষকদের নিয়ে সরকারের কী অবস্থান, তা জনসমক্ষে জানানো হোক।

২) এই ধরনের শিক্ষকদের যাতে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষার আওতা থেকে অব্যাহতি দেওয়া হয়, সেজন্য নির্দিষ্টভাবে আইনি বা কার্যনির্বাহী ব্যবস্থা নেওয়া হোক।

৩) তাঁদের চাকরির সুরক্ষা এবং মর্যাদা সম্পূর্ণরূপে সুরক্ষিত করা।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের নেতা কী বললেন?

বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গে আসছেন। তিনি একটি শিক্ষা সংক্রান্ত সেমিনারে থাকবেন। তাঁর আসার আগেই আমরা টেট সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর কাছে স্পষ্ট অবস্থান এবং এর প্রতিকারের কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গির স্পষ্ট ব্যাখ্যা চেয়ে তার উদ্দেশ্যে চিঠি পাঠালাম। আশা করি যে তিনি এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে এর প্রতিকারে যথাযথ ভূমিকা গ্রহণ করবেন।’

সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিল?

আর শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে সেই আর্জি জানানো হয়েছে লোকসভায় কেন্দ্রীয় সরকারের জবাবের পরে। গত সেপ্টেম্বরে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে বাধ্যতামূলকভাবে টেট পাশ করতে হবে। যে শিক্ষকরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হবেন না, তাঁরা চাকরি ছেড়ে দিতে পারেন বা টার্মিনাল সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে পারেন। তবে যে শিক্ষকদের অবসর গ্রহণ করতে আর পাঁচ বছর বাকি আছে, তাঁদের ছাড় দেয় সুপ্রিম কোর্ট। তাঁরা টেট উত্তীর্ণ না হলেও চাকরি করে অবসর নিতে পারবেন।

সেই রেশ ধরে লোকসভায় কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের রায় মেনে শিক্ষকদের বাধ্যতামূলকভাবে টেট উত্তীর্ণ হতে হবে। তারপর শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক বলেন, ‘বাস্তবে দেখা যায়, রাজ্যে বহু শিক্ষক-শিক্ষিকা আছেন, যাঁদের নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষার অধিকার আইনের আগে প্রকাশিত হলেও নিয়োগ কার্যকর হয়েছে বহু বছর পরে। এটি প্রশাসনিক এবং আইনি জটিলতার ফল, যা সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের কারণে হয়নি। সুতরাং এই শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের নন-টেট হিসেবে চিহ্নিত করা সম্পূর্ণরূপে অন্যায্য ও অসংগত।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More