Siliguri Mahakal Mandir: বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, ১২ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ- শিলিগুড়ির মন্দিরে কী কী থাকছে?
শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। যেখানে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে। ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে বলেও জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে, দেখা যাবে ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ- আগামিদিনে শিলিগুড়ির মহাকাল মন্দির পুরো বিশ্বের দর্শনীয় স্থান হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেন, ‘আগামিদিনে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হয়ে উঠবে শিলিগুড়ির মহাকাল মন্দির।’ সেইসঙ্গে তিনি জানান, শিলিগুড়ির মহাকাল মন্দির তৈরি করতে মোটামুটি দুই থেকে আড়াই বছর লাগবে।

শিলিগুড়ির মহাকাল মন্দিরের বিশেষ-বিশেষ বিষয়
১) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্দিরের সীমানা বরাবর ১২টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে। ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। সারা ভারতবর্ষ এখানে খুঁজে পাবেন। মন্দিরের দুটি প্রদক্ষিণ পথ থাকবে। যেখানে ১০,০০০ হাজার ভক্তের সমাগম হতে পারে।
২) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও দর্শনের জন্য বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তিও তৈরি করা হচ্ছে। ব্রোঞ্জের মূর্তির উচ্চতা হবে ১০৮ ফুট। সেই মূর্তিটি যে ভিত্তির উপরে থাকবে, সেটার উচ্চতাও ১০৮ ফুট হবে।
৩) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিলিগুড়ির মহাকাল মন্দিরে এক লাখ দর্শনার্থী আসতে পারবেন।
৪) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দোতলা মহাকাল মিউজিয়াম এবং সাংস্কৃতিক হল থাকবে। এই মন্দিরে দুটি নন্দীগৃহ থাকবে। যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে।
৫) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিবালয়ের রীতি অনুযায়ী, শিলিগুড়ির মহাকাল মন্দিরের চার কোণে চারজন দেবতা থাকবেন। দক্ষিণ-পশ্চিমে গণেশ, উত্তর-পশ্চিমে কার্তিক, উত্তর-পূর্বে শক্তি এবং দক্ষিণ-পূর্বে বিষ্ণু-নারায়ণ থাকবেন।
৬) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দু'দিকে দুটি সভা মণ্ডপ থাকবে। ৬,০০০-র বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন।
৭) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্দিরের দেওয়ালের গায়ে ভাস্কর্য হিসেবে থাকবে মহাকালের মহিমা এবং গরিমা। পাথরের শিল্প ফুটিয়ে তোলা হবে।
৮) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রুদ্রাক্ষ কুণ্ড এবং অমৃত কুণ্ডও থাকবে। যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন।
৯) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্দিরের ভিতরে প্রসাদ বিতরণ কেন্দ্র, স্মারক, ক্যাফেটেরিয়া, ডালা কমপ্লেক্স, পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থা থাকবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


