Snake bites Kolkata School Student: কলকাতার স্কুলে ফের সাপের আতঙ্ক! টিফিনে প্রথম শ্রেণির পড়ুয়াকে ছোবলের অভিযোগ
সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ স্কুলে টিফিনের বিরতির সময় প্রথম শ্রেণির পড়ুয়া দৃপ্তকে সাপে ছোবল দেয়। ঘটনাটি জানাজানি হতেই স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। পরিবারের সদস্যদের খবর দেওয়ার পাশাপাশি শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কলকাতার সরকারি স্কুলে ফের সাপের আতঙ্ক। ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনের মর্নিং সেকশনে প্রথম শ্রেণির এক পড়ুয়াকে সাপে কামড়েছে বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত পড়ুয়ার নাম দৃপ্ত পাল। টালিগঞ্জের বাসিন্দা ওই খুদে বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে সাপটি বিষধর ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।

জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ স্কুলে টিফিনের বিরতি চলছিল। সেই সময়ই প্রথম শ্রেণির পড়ুয়া দৃপ্তকে সাপে ছোবল দেয় বলে পরিবারের দাবি। ঘটনাটি জানাজানি হতেই স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। পরিবারের সদস্যদের খবর দেওয়ার পাশাপাশি শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এরপর দৃপ্তকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। শরীরে সাপের বিষ ঢুকেছে কি না, তা জানার জন্য রক্ত পরীক্ষাও করা হয়েছে। শিশুটির মা জানিয়েছেন, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই বিষক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর স্কুল চত্বরে বাড়ানো হয়েছে সতর্কতা। স্কুল কর্তৃপক্ষের তরফে বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়েছে। স্কুলের ভিতর বা আশপাশে আরও কোনও সাপ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কী ভাবে স্কুলের মধ্যে সাপ ঢুকল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
মিত্র ইনস্টিটিউশনে এই ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে, কারণ এর আগে কলকাতার একটি নামী বেসরকারি স্কুলেও সাপের কামড়ের অভিযোগ উঠেছিল। গত মঙ্গলবার ওই স্কুলের শৌচালয়ে তৃতীয় শ্রেণির এক পড়ুয়াকে সাপে কামড়েছে বলে জানা যায়। ক্লাস চলাকালীন শৌচালয়ে গেলে সাপটি তাকে ছোবল দেয় বলে অভিযোগ।
ওই ঘটনার পর অভিভাবকদের একাংশ অভিযোগ করেছিলেন, পড়ুয়া স্কুলে বিষয়টি জানালেও তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। যদিও স্কুলের প্রিন্সিপাল সীমা সাপ্রু সেই দাবি খারিজ করে জানান, পড়ুয়া স্কুলে বিষয়টি জানায়নি। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় সে। এরপর পরিবার স্কুল কর্তৃপক্ষকে জানালে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় পড়ুয়াকে।
প্রিন্সিপালের দাবি ছিল, যে সাপটি কামড়েছিল সেটি বিষধর ছিল না। একাধিকবার রক্ত পরীক্ষাও করা হয়েছিল। বর্তমানে ওই পড়ুয়া সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। পরপর দুই স্কুলে সাপের কামড়ের ঘটনা সামনে আসায় কলকাতার স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিশেষ করে বর্ষাকালে স্কুল চত্বর, শৌচালয়, নিকাশি ব্যবস্থা এবং ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। মিত্র ইনস্টিটিউশনের ঘটনায় আপাতত নজর শিশুটির চিকিৎসার দিকেই। পাশাপাশি স্কুল চত্বরে সাপের উপস্থিতি নিয়ে তৎপর হয়েছে কর্তৃপক্ষ।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


