অসুস্থ স্ত্রীকে ছেড়ে অফিসের কাজে যেতে চাননি, তাই বিমানে হাইজ্যাকের হুমকি! কলকাতা বিমানবন্দরে গ্রেফতার সোদপুরের প্রৌঢ়
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার AI2772 বিমান। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা ২০ মিনিট নাগাদ ১০৫ জন যাত্রী নিয়ে বিমানটির রওনা হওয়ার কথা ছিল। সেই সময় বিমানের পিছনের শৌচাগারে একটি ছোট সাদা কার্ড দেখতে পান কেবিন ক্রুরা।
অসুস্থ স্ত্রীকে বাড়িতে একা ফেলে বিদেশে চাকরি করতে যেতে মন সায় দিচ্ছিল না। কিন্তু পারিবারিক বাধ্যবাধকতায় আফ্রিকায় পাড়ি দেওয়া কার্যত অনিবার্য হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত বিদেশযাত্রা আটকাতে এমন এক কাণ্ড ঘটালেন সোদপুরের এক প্রৌঢ়, যার জেরে কয়েক ঘণ্টার জন্য কার্যত অচল হয়ে পড়ল কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা। কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাকের হুমকি দিয়ে চিরকুট লেখার অভিযোগে গ্রেফতার হলেন ৫৬ বছরের পার্থ প্রতিম নন্দী। বুধবার রাতেই তাঁকে গ্রেফতার করে বিমানবন্দর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে না চাওয়ার কারণেই এই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছিলেন তিনি।

ঘটনার সূত্রপাত বুধবার, ১১ নভেম্বর সকালে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার AI2772 বিমান। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা ২০ মিনিট নাগাদ ১০৫ জন যাত্রী নিয়ে বিমানটির রওনা হওয়ার কথা ছিল। সেই সময় বিমানের পিছনের শৌচাগারে একটি ছোট সাদা কার্ড দেখতে পান কেবিন ক্রুরা। তাতে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লেখা ছিল, ‘AI 2772 WILL BE HIJACKED ON 11/11’। অর্থাৎ, ১১ নভেম্বর ওই বিমানটি ছিনতাই করা হবে।
বিষয়টি জানার পরই তৎপর হয়ে ওঠেন পাইলট এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। নিরাপত্তা বিধি মেনে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। এরপর ১০৫ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। শুরু হয় তল্লাশি অভিযান। সিআইএসএফ, পুলিশ এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থার আধিকারিকরা বিমানের ভিতরে এবং যাত্রীদের হাতব্যাগে তন্নতন্ন করে তল্লাশি চালান। যদিও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
অন্যদিকে, কে বা কারা এই হুমকি দিয়েছে, তা জানতে অভিনব পদ্ধতি নেয় পুলিশ। বিমানে থাকা ১০৫ জন যাত্রীকেই ওই একই বাক্য লিখতে বলা হয়। উদ্দেশ্য ছিল, উদ্ধার হওয়া চিরকুটের হাতের লেখার সঙ্গে কারও লেখার মিল রয়েছে কি না, তা পরীক্ষা করা। পাশাপাশি যাত্রীদের মানিব্যাগ এবং কার্ডও পরীক্ষা করা শুরু হয়। তদন্তকারীদের নজরে আসে, উদ্ধার হওয়া জীর্ণ সাদা কার্ডের মতো আরও কার্ড রয়েছে এক যাত্রীর ওয়ালেটে। এরপরই সন্দেহ বাড়ে সোদপুরের বাসিন্দা পার্থ প্রতিম নন্দীকে ঘিরে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত বুধবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, পার্থ প্রতিম নিজেও ক্যানসারে আক্রান্ত। তাঁর স্ত্রীও একই মারণরোগে আক্রান্ত। এই পরিস্থিতিতে স্ত্রীকে বাড়িতে একা রেখে আফ্রিকায় চাকরি করতে যেতে হচ্ছিল তাঁকে। কিন্তু অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে রাজি ছিলেন না তিনি। পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন বলে খবর, কলকাতা-মুম্বই বিমানটি দেরিতে ছাড়লে তাঁর পরবর্তী আন্তর্জাতিক উড়ান ধরতে সমস্যা হবে। সেক্ষেত্রে আফ্রিকায় যাত্রা বাতিল হয়ে যাবে। সেই উদ্দেশ্যেই বিমানে হাইজ্যাকের ভুয়ো হুমকি দেন তিনি।
এই ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বিমান পরিষেবা বিঘ্নিত হয়। পরে সমস্ত নিরাপত্তা পরীক্ষা শেষ করে বিকেল ৫টা নাগাদ বিমানটি মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। তবে অভিযুক্তের এই কাজের জেরে ১০৫ জন যাত্রীর হয়রানি এবং বিমান সংস্থার আর্থিক ক্ষতির পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
সব মিলিয়ে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার জেরে এমন বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার ঘটনায় স্তম্ভিত বিমানবন্দর কর্তৃপক্ষ। স্ত্রীর অসুস্থতার কারণে বিদেশযাত্রা এড়াতে চেয়েছিলেন অভিযুক্ত, কিন্তু তার জন্য শতাধিক মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক বিমান পরিষেবাকে বিপদের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এখন এই ঘটনায় পুলিশের তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই নজর রয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


