Sourav Nishit: শুভেন্দু মন্ত্রিসভার ক্রীড়ামন্ত্রী নিশীথের সঙ্গে কথা হল সৌরভের!কীসের আমন্ত্রণ জানালেন দাদা?
ক্রীড়ামন্ত্রী হিসাবে নিশীথের শপথের দিন চারেক পরই কথা হল সৌরভের সঙ্গে
রাজ্যে গত ৪ মে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল। এরপর ৯ মে রাজ্য বিজেপির ৫ বিধায়ক শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে। তাঁদের মধ্যে ছিলেন উত্তরবঙ্গের বিধায়ক নিশীথ প্রমাণিক। বর্তমানে তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী। আর নিশীথ প্রমাণিকের সঙ্গে এদিন কথা বললেন বাংলা ক্রিকেটের সিওবি প্রধান তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

ক্রীড়ামন্ত্রী হিসাবে নিশীথের শপথের দিন চারেক পরই কথা হল সৌরভের সঙ্গে। এদিন এই আলোচনায় নিশীথ বার্তা দেন, ক্রীড়াঙ্গন যাতে রাজনীতি মুক্ত থাকে, তার সপক্ষে। তিনি জানান, পশ্চিমবঙ্গের ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। বাংলার ক্রিকেটের উন্নয়ন নিয়েই মূলত, দুই পক্ষের মধ্যে কথা হয়েছে বলে জানা যাচ্ছে। সিএবির বৈঠক নিয়েও দুই পক্ষের মধ্যে কথা হয়েছে বলে মিডিয়া রিপোর্টের দাবি। দুই পক্ষের মধ্যে ফোনে কথা হয়েছে বলে খবর।
এছাড়াও বৃহস্পতিবারের আলোচনায়, সিএবির তরফে নিশীথ প্রামাণিককে বাংলার ক্রীড়ামন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এদিন সাক্ষাৎ করেন নিশীথের সঙ্গে। ক্রীড়ামন্ত্রীর হাতে তুলে দেন পুষ্পস্তবকও।
এদিকে, আগামী ১৬ মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। আর সেই ম্যাচ ইডেনে। সেই ম্যাচে বাংলার নতুন ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণও জানিয়েছেন সৌরভ। এমনই দাবি মিডিয়া রিপোর্টের।
ইতিমধ্যেই নিশীথ ক্রীড়ার দায়িত্ব নিতেই, মেসি-কাণ্ড নিয়ে ফাইল চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। সেই ফাইল দেখা হবে বলেও জানা গিয়েছে। দায়িত্ব কাঁধে নিয়েই নিশীথ জানিয়েছিলেন, খেলার মাঠকে রাজনীতিমুক্ত করার কথা। তিনি বলেছিলেন,' এখানকার স্পোর্টস কমিটিগুলোতে পরিবারতন্ত্রের একটা ছায়া রয়েছে। স্পোর্টস সেক্টরগুলোকে সেই ছায়া থেকে মুক্ত করতে হবে।' এর আগে, বণিকসভা বেঙ্গল ন্যাশনাল চেম্বারের এক অনুষ্ঠানে রাজ্য বিজেপির চিফ শমীক ভট্টাচার্যকে বলতে শোনা যায়,' এক ভদ্রলোককে চিনতাম, যিনি ক্রিজ় ছেড়ে বাইরে এসে ওভার বাউন্ডারি মারতে দক্ষ ছিলেন। হঠাৎ দেখলাম, তিনি বাউন্ডারির বাইরে থেকে বল ছুড়ছেন! স্পেন থেকে ঘোষণা করা হচ্ছে বাংলার শিল্পের কথা। অথচ সেই শিল্পের হদিস আজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও মিলবে না।' বহু রিপোর্টের দাবি, শমীকের এই বার্তা সম্ভবত নাম না করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিই ছিল। এই পর্বের পর, এবার নিশীথ-সৌরভের ফোনালাপ, বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


