South African Tourism: ভারত থেকে দক্ষিণ আফ্রিকার সরাসরি বিমান! ২০২৬-তেই চালুর চেষ্টা, বিশেষ নজর কলকাতায়

চলতি বছরের মধ্যেই ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সরাসরি উড়ান চালু করার চেষ্টা চলছে। জোরকদমে আলোচনা চালানো হচ্ছে বিভিন্ন পক্ষের সঙ্গে। সেই রেশ ধরে কলকাতার পর্যটকদের টানার উপরে জোর দিচ্ছে দক্ষিণ আফ্রিকার পর্যটন দফতর।

Published on: Feb 11, 2026, 18:19:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চলতি বছরের মধ্যেই ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সরাসরি উড়ান চালু করার চেষ্টা চলছে। জোরকদমে আলোচনা চালানো হচ্ছে বিভিন্ন পক্ষের সঙ্গে। এমনই জানালেন দক্ষিণ আফ্রিকা পর্যটনের মার্কেটিং এবং কমিউনিকেশন ম্যানেজার মিতালী করমরকার। আজ কলকাতায় দক্ষিণ আফ্রিকা পর্যটন দফতরের আয়োজিত বার্ষিক প্রদর্শনীর মঞ্চ থেকে তিনি জানান, ভারতের মধ্যে দক্ষিণ গোলার্ধের দেশে সবথেকে বেশি মানুষ যান মুম্বই থেকে। দক্ষিণ আফ্রিকায় যত সংখ্যক ভারতীয় ঘুরতে যান, তাঁদের মধ্যে প্রায় ৬১ শতাংশই মুম্বইয়ের। প্রথম দশে কলকাতা থাকলেও শতাংশের নিরিখে সেটা খুবই কম - মেরেকেটে পাঁচ শতাংশের মতো। সেই পরিস্থিতিতে কলকাতার পর্যটকদের টানার উপরে জোর দিচ্ছে দক্ষিণ আফ্রিকার পর্যটন দফতর। বিশেষ প্রদর্শনীতে (পোশাকি নাম রোড শো) অংশগ্রহণ করেছিল ২২০-রও বেশি বাণিজ্যিক সংস্থা।

কলকাতায় দক্ষিণ আফ্রিকার পর্যটন দফতরের অনুষ্ঠান।
কলকাতায় দক্ষিণ আফ্রিকার পর্যটন দফতরের অনুষ্ঠান।

কলকাতার বাজারকে টার্গেট দক্ষিণ আফ্রিকা পর্যটন দফতরের

সেই রেশ ধরে দক্ষিণ আফ্রিকা পর্যটনের মার্কেটিং এবং কমিউনিকেশন ম্যানেজার বলেন, ‘ভারতে দক্ষিণ আফ্রিকার (পর্যটনের) জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হল কলকাতা। এই শহরের ভ্রমণপিপাসুদের মধ্যে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং অভিজ্ঞতা-ভিত্তিক ভ্রমণের প্রতি প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়।’ সেইসঙ্গে তিনি জানান, ভ্রমণের ক্ষেত্রে কলকাতার পর্যটকরা ঐতিহ্য, প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে একেবারে মিশে যেতে চান। আর শুধু ঘরের কাছে নয়, অনেক দূরের জায়গায় নিয়ে সেই ধারা অব্যাহত রাখতে চান কলকাতার মানুষ।

৫০ ওভারের বিশ্বকাপকে কেন্দ্র করেও পর্যটনের উপরে জোর

সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা পর্যটনের মার্কেটিং এবং কমিউনিকেশন ম্যানেজার জানিয়েছেন, ২০২৭ সালে নামিবিয়ার সঙ্গে যে যৌথভাবে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করা হবে, সেই মেগা ইভেন্টকে কেন্দ্র করেও পর্যটনের উপরে জোর দেওয়া হচ্ছে। ততদিনে ভারত থেকে দক্ষিণ আফ্রিকার মধ্যে সরাসরি উড়ান পরিষেবা চালু হয়ে যাবেও বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More