South Bengal Low Pressure Heavy Rain: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, সাগরে যেতে নিষেধ মৎস্যজীবীদের

সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় ৩ জুলাই থেকে পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মৎস্যজীবীদের আবহাওয়ার সর্বশেষ বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Published on: Jul 2, 2026, 12:27:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে আগামী ৩ জুলাই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

আগামী ৩ জুলাই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। (Saikat Paul)
আগামী ৩ জুলাই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। (Saikat Paul)

সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় ৩ জুলাই থেকে পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মৎস্যজীবীদের আবহাওয়ার সর্বশেষ বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং এই দু'দিন শহরের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে এক-দু'পশলা বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বলবৎ থাকবে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা কম। বৃহস্পতিবার কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা থাকলেও ভারী বর্ষণের পূর্বাভাস নেই। শুক্রবার থেকে সেখানে বৃষ্টির প্রবণতা আরও কমতে পারে। যদিও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সম্ভাব্য নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে জলজট, নদীর জলস্তর বৃদ্ধি এবং উপকূলবর্তী এলাকায় দুর্যোগের আশঙ্কা থাকায় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে না বেরোনো এবং আবহাওয়া দফতরের সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More