বসন্ত এসে গেছে! শীতের বিদায় লগ্নে উত্তরবঙ্গ, তুষারপাতের টানে সিকিমমুখী পর্যটকরা

উত্তরবঙ্গের ক্ষেত্রে ভাল কুয়াশার দেখা মিলেছে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারে।

Published on: Feb 15, 2026 4:04 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শীতের বিদায় লগ্নে বসন্তের আগমন। মাঘের শেষ জানান দিচ্ছে আবহাওয়া। সমতলের জেলাগুলিতে ধীরে ধীরে বাড়ছে গরম। উত্তরবঙ্গেও শীতের বাঁধন আলগা হতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি গরমের আওতায় চলে যাবে উত্তরের জেলাগুলি। জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট।

শীতের বিদায় লগ্নে উত্তরবঙ্গ (সৌজন্যে টুইটার)
শীতের বিদায় লগ্নে উত্তরবঙ্গ (সৌজন্যে টুইটার)

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-দিনের মধ্যে উত্তরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা অন্তত ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শনিবার দার্জিলিং শহরে দিনের তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনে শিলিগুড়ি শহরে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ির তুলনায় জলপাইগুড়ি ও কোচবিহারে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ওই দুই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আটকে ছিল। এছাড়াও মালদহ ও বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং রায়গঞ্জ শহরে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই প্রান্তেই কুয়াশার দাপট চলছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভাল কুয়াশার দেখা মিলেছে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, আগামী দু’দিনের মধ্যে দিনের পাশাপাশি রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পূর্বাভাস নেই। আজ, অর্থাৎ রবিবার পাহাড় ও ডুয়ার্সে সকালে হালকা কুয়াশা থাকতে পারে। অন্যদিকে, পূর্ব সিকিমের নাথু-লা, শেরথাং এবং ছাঙ্গু উপত্যকায় বিকেলের পর থেকে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত শুরু হয়েছে। সেখানে রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে পৌঁছেছে। তবে সিকিমের উঁচু এলাকায় রবিবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই তুষারপাতের টানেই সিকিমমুখী পর্যটকরা।