Tainted in SSC Class XI-XII Merit List: SSC একাদশ-দ্বাদশের মেধাতালিকায় দাগি অযোগ্য! কোন কোন বিষয়ে হদিশ? রইল তালিকা

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকায় দাগি অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গেল। চূড়ান্ত মেধাতালিকা তথা প্যানেলের পাশাপাশি ওয়েটিং লিস্টেও ঢুকে গিয়েছিল দাগি অযোগ্য প্রার্থীর নাম। 

Published on: Jan 30, 2026, 14:28:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকায় দাগি অযোগ্য প্রার্থীর হদিশ পেল এসএসসি। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে জানানো হয়েছে, গত ২১ জানুয়ারি একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের যে মেধাতালিকা (প্যানেল) এবং ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দু'জন দাগি অযোগ্য প্রার্থীর নামও ছিল। তাঁদের চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে ২০১৬ সালের ২০১৬ সালে সংশ্লিষ্ট প্রার্থীদের রোল নম্বর এবং অভিভাবকের নাম যা ছিল, সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। আর ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় ওই প্রার্থীদের নাম, রোল নম্বর, অভিভাবকের নাম এবং মেধাতালিকায় কত নম্বরে আছে, সেটাও প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে।

এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকায় দাগি অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকায় দাগি অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কোন কোন অযোগ্যদের (এসএসসির দাবি মতো) হদিশ মিলেছে?

১) সমীর সেন। তিনি অঙ্কের সংরক্ষিতদের মেধাতালিকায় আছেন।

২) মহম্মদ মুখতার হোসেন। তিনি এডুকেশনের ওবিসি-এ ক্যাটেগরির ওয়েটিং লিস্টে আছেন।

অযোগ্য প্রার্থীদের নাম থাকা নিয়ে সাফাই SSC-র

কিন্তু এত নজরদারি, এত সময় নিয়ে মেধাতালিকা প্রকাশের পরেও কীভাবে দাগি অযোগ্যরা লিখিত পরীক্ষা, ভেরিফিকেশন, ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশন (ইন্টারভিউয়ের সময়ও একদফায় নথি যাচাই করা হয়েছে) প্রক্রিয়া পেরিয়ে প্যানেল এবং ওয়েটিং লিস্টে ঢুকে গেলেন, তা নিয়ে সদুত্তর দিতে পারেনি এসএসসি। বিশেষত নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে দীর্ঘ সময় নেওয়া হয়েছে। তারপরও কীভাবে এরকম হতে পারে, তা নিয়ে দায়সারা সাফাই দেওয়া হয়েছে এসএসসির তরফে।

কমিশনের তরফে শুধুমাত্র দাবি করা হয়েছে যে 'ফস্কে গিয়েছে'। পূর্ববর্তী নোটিশ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে ওই দু'জন দাগি অযোগ্য প্রার্থীকে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হচ্ছে। আর ২০১৬ সালের দাগি অযোগ্য প্রার্থীরা যে এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, সেই মর্মে আগেই নির্দেশ দিয়েছিল আদালত।

আরও দাগি অযোগ্যের হদিশ মিলবে?

আর এরকমভাবে কতজন দাগি অযোগ্য 'ফস্কে গিয়েছেন', তা নিয়ে প্রশ্ন তুলেছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। বিশেষত এসএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে ‘চার্ট ১’ দেখে সন্দেহ আরও বেড়েছে। বিষয়টি নিয়ে ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের সংগঠন ‘১০ নম্বরে বঞ্চিত এসএলএসটি ফ্রেশার্স’-র তরফে দাবি করা হয়েছে, ‘চার্ট ওয়ান এটা, আরও অনেক আসবে, অপেক্ষা করুন।’ যদিও এসএসসির তরফে সেই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More