SSC 2nd SLST Merit List: আরও প্রার্থী আছেন, SSC একাদশ-দ্বাদশের প্যানেল প্রকাশ নাও হতে পারে ৭ জানুয়ারি
চাকরির অপেক্ষা বাড়বে? আরও দেরিতে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা বা প্যানেল প্রকাশিত হতে পারে। আগামী ৭ জানুয়ারি সেই মেধাতালিকা প্রকাশ হওয়ার কথা আছে।
আগামী ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি)। কিন্তু এখন সেটা কার্যত অসম্ভব হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। সেইসঙ্গে পিছিয়ে যাবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের প্রক্রিয়া। সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটার ফলে ১৫০ জন নতুন করে আবেদন করেছেন। তাঁদের নথি যাচাই এবং ইন্টারভিউ নিয়ে ৭ জানুয়ারির মধ্যে একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কমিশনের একটি অংশের তরফে দাবি করা হয়েছে যে ৭ জানুয়ারি মেধাতালিকা প্রকাশ করা যাবে না। যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনও।

আরও ১৫০ জনের ইন্টারভিউ ও ডেমো হবে
এমনিতে যখন নিয়োগ প্রক্রিয়ার মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এসএসসি, সেইসময় হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছিল যে ৭ জানুয়ারিই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করে দেওয়া হবে। ইতিমধ্যে একাদশ-দ্বাদশের প্রার্থীদের অধিকাংশ প্রার্থীর ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন মিটেও গিয়েছে। কিন্তু হাইকোর্টের একটি নির্দেশের কারণে সেই সময়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব হয়ে গিয়েছে বলে এসএসসি সূত্রে খবর।
৭ জানুয়ারি পেরিয়ে যেতে পারে মেধাতালিকা প্রকাশ করতে
কমিশন সূত্রের খবর, গত ১৬ ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে যে প্রার্থীরা নিজেদের ক্যাটেগরি বা শ্রেণি আপডেট করতে পারেননি, তাঁদের বাড়তি সময় দিতে হবে। তাঁদের ২৪ ঘণ্টা দেওয়ার কথা বলেছিল হাইকোর্ট। সেইমতো ১৭ ডিসেম্বর রাত থেকে ক্যাটেগরি আপডেটের 'উইন্ডো' খুলেছিল কমিশন। আর তার ফলে আরও ১৫০ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। তাঁদের ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশনের জন্য আরও কিছুটা সময় প্রয়োজন হবে। তারপর একেবারে মেধাতালিকা প্রকাশ করতে ৭ জানুয়ারি পেরিয়ে যেতে পারে বলে কমিশন সূত্রে খবর।
বিষয়টি নিয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটা মেনে অনেক চাকরিপ্রার্থীর নথি ভেরিফিকেশন করতে হবে। নিতে হবে ইন্টারভিউ এবং ডেমো। আর সেইসব প্রক্রিয়া শেষ হলেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান।
নবম-দশমের ভেরিফিকেশনও পিছিয়ে যাবে?
আর সেই পরিস্থিতিতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়াও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও নবম-দশমের প্রার্থীদের ভেরিফিকেশন শুরু হয়নি। ২৯ ডিসেম্বর থেকে সেই প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেটাও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


