State Finswimming Championship Medal List: সাঁতারের পুলে উত্তর ২৪ পরগনার কাছেই ঘেঁষতে পারল না কেউ! রেকর্ড সৌভিক ও আহেলির
State Finswimming Championship Medal List: রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপে বাজিমাত করলেন সৌভিক এবং আহেলি দাস। রাজ্য সংস্থার সম্পাদক কঙ্কন পানিগ্রাহী জানান, প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার সরাসরি সুযোগ পাবেন।
State Finswimming Championship Medal List: তীব্র প্রতিদ্বন্দ্বিতা, জলের ঢেউয়ে নতুন রেকর্ড এবং উদীয়মান সাঁতারুদের দারুণ পারফরম্যান্স- সবমিলিয়ে সম্পন্ন হল ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ। কোচবিহারের তুফানগঞ্জ সুইমিং পুলে আয়োজিত তিনদিনব্যাপী এই টুর্নামেন্টে জয়ের ধারা বজায় রেখে সামগ্রিক তালিকায় শীর্ষ স্থান দখল করল উত্তর ২৪ পরগনা। অন্যদিকে টুর্নামেন্টের সেরা প্রতিযোগী বা সেরা সাঁতারুর শিরোপা ছিনিয়ে নিয়েছেন কলকাতার সৌভিক দাস ও আহেলি দাস।

তুফানগঞ্জের সুইমিং পুলে গত তিনদিন ধরে রাজ্যের নানা প্রান্তের সেরা সাঁতারুরা একে অপরের মুখোমুখি হয়েছিলেন। মোট ১৫টি জেলা থেকে প্রায় ৪১০ জন প্রতিযোগী এই রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র-বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা তাঁদের সেরাটা উজাড় করে দেন। প্রতিটি ইভেন্টেই ছিল টানটান উত্তেজনা ও গতির চোখ ধাঁধানো লড়াই।
প্রতিযোগিতায় জেলাভিত্তিক ফলাফলে শুরু থেকেই দাপট দেখায় উত্তর ২৪ পরগনা। দলগত সংহতি এবং ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে ২৭৩ পয়েন্ট সংগ্রহ করে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে। পুরো টুর্নামেন্টে মোট ৮৫টি পদক জিতেছে। যার মধ্যে রয়েছে ৩২টি সোনা, ৩০টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ।
তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছে হাওড়া। মোট ১৪৭ পয়েন্ট অর্জন করে রানার্স-আপ শিরোপা পেয়েছে। হাওড়ার ক্রীড়াবিদরা মোট ৪৯টি পদক জিতে নিয়েছেন। যার মধ্যে ১৫টি সোনা, ১৯টি রুপো এবং ১৫টি ব্রোঞ্জ রয়েছে। অন্যদিকে, ১১২ পয়েন্ট নিয়ে পদক তালিকার তৃতীয় স্থান নিশ্চিত করেছে কলকাতা। কলকাতা মোট ৩২টি পদক জয় করেছে, যার মধ্যে ১৫টি সোনা, ১০টি রুপো এবং সাতটি ব্রোঞ্জ রয়েছে। কলকাতার সংগৃহীত সোনার পদকের সংখ্যা হাওড়ার সমান হলেও মোট পয়েন্টের বিচারে তৃতীয় স্থানে শেষ করেছে।
ব্যক্তিগত বিভাগে আধিপত্য বজায় রাখেন সৌভিক এবং আহেলি। দু'জনেই নিজ-নিজ বিভাগে সর্বোচ্চ ২০ পয়েন্ট সংগ্রহ করে চারটি করে সোনার পদক জয় করেন এবং প্রতিযোগিতার সেরা সাঁতারু নির্বাচিত হন। পুরুষদের বিভাগে সৌভিক ৫০ মিটার, ১০০ মিটার ও ২০০ মিটার সারফেস ক্যাটেগরির পাশাপাশি ৫০ মিটার অ্যাপনিয়া ইভেন্টে অপরাজেয় থেকে সোনা জেতেন। আবার মহিলাদের বিভাগে আহেলি ৫০ মিটার ও ১০০ মিটার সারফেস, ৫০ মিটার বাইফিন এবং ৫০ মিটার অ্যাপনিয়া বিভাগে সেরা হয়ে চারটি সোনা নিজের নামে নিশ্চিত করেন। তাঁদের এই সাফল্য আগামী দিনের উদীয়মান সাঁতারুদের জন্য এক বড় অনুপ্রেরণা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


