WB Health Department: নজরে ভুয়ো চিকিৎসক! রেজিস্ট্রেশন-যোগ্যতা যাচাই না করে নিয়োগ নয়, চার দফা পদক্ষেপ রাজ্য সরকারের
West Bengal Health Department: রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের তরফে সম্পাদক রাজীব পাণ্ডে সরকারি নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন।
West Bengal Health Department: ভুয়ো চিকিৎসক (Fake Doctor) ধরতে তৎপর রাজ্য সরকার (West Bengal Government)। পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে ভুয়ো চিকিৎসক ধরতে স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। ভুয়ো চিকিৎসক সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই চার দফা পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভুয়ো চিকিৎসকদের ধরতে কী কী পদক্ষেপ রাজ্য সরকারের?
প্রথমত, যে কোনও বেসরকারি প্রতিষ্ঠানে নতুন করে চিকিৎসক নিয়োগ করার আগে তাঁর রেজিস্ট্রেশন যাচাই করতে হবে। ২০১৭ সালের ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) রুলসের ৭(৪) নম্বর বিধি অনুযায়ী যাবতীয় নথি যাচাইয়ের নির্দেশ রয়েছে।
দ্বিতীয়ত, বৈধ রেজিস্ট্রেশন বা বিনা অনুমোদনেই অনেকে নিজেদের চিকিৎসক বলে দাবি করেন এবং ‘প্র্যাকটিস’ করেন বলে অভিযোগ। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হন। এই প্রবণতা রুখতে সমস্ত লাইসেন্সিং কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।
তৃতীয়ত, কোনও ব্যক্তির পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, রেজিস্ট্রেশন বা চিকিৎসা পরিষেবা দেওয়ার অধিকার নিয়ে সন্দেহ হলে অবিলম্বে উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে তাঁর যোগ্যতা যাচাই প্রয়োজন।
চতুর্থত, অনুমোদন ছাড়া ভুয়ো পরিচয়ে চিকিৎসা করছেন, এমন ধরা গেলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ পদক্ষেপ করা হবে। দেওয়া হবে কঠিন শাস্তি।
ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতে রাজ্য কী কী পদক্ষেপ করেছে, জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। তার ভিত্তিতে ২ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলির থেকে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের এই নির্দেশিকায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা স্বপন সরেনের স্বাক্ষর রয়েছে। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জনসাধারণের স্বার্থে নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের তরফে সম্পাদক রাজীব পাণ্ডে সরকারি নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন। তবে মেডিক্যাল কাউন্সিলের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, ‘ভুয়ো চিকিৎসক সংক্রান্ত সমস্যার বিরুদ্ধে আমরাই আওয়াজ তুলেছিলাম। রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের ব্যবস্থাপনাতেই পরিবর্তন দরকার। এত এত ভুয়ো ডাক্তার সেখানে তৈরি করা হয়েছে। যাঁরা এর জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। আমরা সজাগ আছি। যাঁদের যোগ্যতা নেই, তাঁদের আমরা নিয়োগ করব না। কিন্তু সরকারকেও পদক্ষেপ করতে হবে।’ পশ্চিমবঙ্গ ডক্টর্স ফোরামের সভাপতি কৌশিক চাকীও ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
E-Paper

