'মনগড়া তথ্য, অভিযোগ ভিত্তিহীন!' জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রীর পাল্টা চিঠি শুভেন্দুর
মুখ্যমন্ত্রীর চিঠির ২৪ ঘণ্টার মধ্যেই জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী।
এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) নিয়ে রাজ্য রাজনীতিতে সংঘাতের পারদ চড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব হিসেবে ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি দাবি করেছেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী যে অভিযোগ তুলছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, বাংলায় অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে এসআইআর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

মুখ্যমন্ত্রীর চিঠি
শনিবারই জ্ঞানেশ কুমারকে চতুর্থবার চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে এসআইআর শুনানির নামে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, ক্রিকেটার মহম্মদ শামি এবং অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব)-এর মতো বিশিষ্ট ব্যক্তিদের শুনানির নোটিস পাঠানো নিয়েও আপত্তি জানান মুখ্যমন্ত্রী। শুনানির প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। টাইপ করা চিঠির শেষে কলমে দু’টি লাইন যোগ করে মুখ্যমন্ত্রী হাতে লেখেন, 'যদিও আমি জানি, আপনি উত্তর কিংবা ব্যাখ্যা দেবেন না। তবু আপনাকে সমস্তটা জানানো আমার দায়িত্ব।'
শুভেন্দু অধিকারীর পাল্টা চিঠি
মুখ্যমন্ত্রীর চিঠির ২৪ ঘণ্টার মধ্যেই জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। এর আগেও মুখ্যমন্ত্রীর চিঠির পরই চিঠি লিখেছিলেন তিনি। এবারও যে মুখ্যমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে তিনি চিঠি লিখছেন, চিঠির বিষয়বস্তুতেই তা পরিষ্কার করে দেন বিধানসভার বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী যেখানে তিন পৃষ্ঠার চিঠিতে অভিযোগ তুলেছেন, সেখানে বিরোধী দলনেতাও সমান দৈর্ঘ্যের চিঠিতে একে একে সেই সব অভিযোগ খণ্ডন করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে দাবি করেছিলেন, এসআইআর প্রক্রিয়ার জেরে ৭৭ জনের মৃত্যু হয়েছে। শুভেন্দুর বক্তব্য, এই তথ্য সম্পূর্ণ মনগড়া এবং এর পক্ষে কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই। চিঠিতে তিনি উল্লেখ করেন, এসআইআর-এর সঙ্গে এই ধরনের মৃত্যুর যোগসূত্রের কোনও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গক্রমে করোনাকালীন মৃত্যুর তথ্যের কথাও তুলে ধরেন তিনি। অমর্ত্য সেন-সহ বিশিষ্ট ব্যক্তিদের শুনানির নোটিস পাঠানো নিয়েও শুভেন্দুর যুক্তি, আইনের চোখে সকলেই সমান, সেখানে কোনও ব্যতিক্রমের সুযোগ নেই। চিঠির শেষে মুখ্য নির্বাচন কমিশনারকে অনুরোধ করে শুভেন্দু অধিকারী লেখেন, 'আপনার কাছে আমার অনুরোধ, এই সব অন্যপথে চালিত করার কৌশলকে উপেক্ষা করে এসআইআর প্রক্রিয়া শেষ করুন।' তাঁর কথায়, নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে এই প্রক্রিয়া থেকে সরে আসা কোনও ভাবেই কাম্য নয়।
E-Paper











