Mamata Banerjee’s Legal Notice: 'আর বাড়ি থেকে বের হতে পারবেন না!' এসএসকেএম বিতর্ক নিয়ে মমতাকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee’s SSKM Legal Notice: মুখ্যমন্ত্রী দাবি করেন, অতীতে সাংবিধানিক পদে থেকে নিজেই সবকিছু পাবলিক করেছিলেন এবং নিজের ড্রয়ারে থাকা ফাইল বা নথি সব জায়গায় সুরক্ষিত রাখতে পারেননি।

Published on: Oct 5, 2026, 20:13:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Mamata Banerjee’s SSKM Legal Notice: এসএসকেএম (SSKM) হাসপাতাল কর্তৃপক্ষকে আইনি চিঠি পাঠানোর পাল্টা জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। নবান্নের সভাঘরে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, অতীতে নন্দীগ্রামের পা ভাঙার ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তিনি আরও গোপন এক্স-রে এবং এমআরআই রিপোর্ট ফাঁস করে দেবেন। ফলস্বরূপ পরিস্থিতি এমন দাঁড়াবে যে ঘর থেকেই বের হতে পারবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রচারের সময় পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘদিন হুইলচেয়ারে বসে প্রচার চালিয়ে সেই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করেছিল তাঁর দল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি উপনির্বাচনের প্রচারমঞ্চ থেকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, একুশের সেই পা ভাঙার পুরো ঘটনাই ছিল একটি ‘রাজনৈতিক নাটক।’ এর সপক্ষে তিনি ৫ বছর আগের কয়েকটি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র জনসমক্ষে আনেন। এরপরই গোপনীয়তা ভঙ্গ এবং বিনা অনুমতিতে ব্যক্তিগত মেডিক্যাল রিপোর্ট ফাঁসের অভিযোগে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর, সুপার ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানকে আইনি চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।

এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানান, নথি আইনগতভাবেই উদ্ধার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর চিঠির প্রসঙ্গ উড়িয়ে দিয়ে তিনি বলেন, 'ভুল করছেন উনি। ওটা তো (ওই চিঠি) স্বাস্থ্য দফতরে আমার কাছে পাঠিয়ে দিতে বলব। মমতা বন্দ্যোপাধ্যায় কেস করেছিলেন, সেটা সিআইডি নিয়েছিল। স্বাভাবিকভাবে এসএসকেএম-এ কোনও নথি পাওয়ার কথা নয়।' তখনই তিনি বলেন, ‘ওঁকে অত ঘাঁটাঘাঁটি করতে মানা করুন। এক্স-রে রিপোর্ট আর এমআরআই রিপোর্ট দেখাতে শুরু করি, তাহলে আর বাড়ি থেকে বের হতে পারবেন না।’ মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, অতীতে সাংবিধানিক পদে থেকে নিজেই সবকিছু পাবলিক করেছিলেন এবং নিজের ড্রয়ারে থাকা ফাইল বা নথি সব জায়গায় সুরক্ষিত রাখতে পারেননি। এই রাজনৈতিক তরজা ঘিরে এখন রাজ্য রাজনীতিতে নতুন করে চরম উত্তাপ ছড়িয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'উনি নিজেকে পাবলিকলি করেছেন। এফআইআর করেছেন বিজেপি নেতাদের নামে। প্রয়োজন হলে আমি বলে দেব কাগজটা কোথা থেকে পেয়েছি। কিন্তু কাগজটা পিজি-তে ছিল না। পিজি-তে থাকার কথা নয়। উনি নিজেই ওনার পা ভেঙে দেওয়া হয়েছে বলে মামলা করেন। উনি এখানে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে আসবেন ভেবেছিলেন। আর উনি নিজে ওনার ড্রয়ারে অনেক কাগজ ছিল। সব কাগজ বের করে নিয়ে যেতে পারেননি।'

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে চোট পাওয়ার পর হুইলচেয়ারে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ঘটনাটি নিয়ে তৃণমূলের ‘ভাঙা পায়ে খেলা হবে’ স্লোগানও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ছিল। সেই পুরনো ঘটনাকেই সামনে রেখে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এবার বিতর্কের কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা-নথির গোপনীয়তা এবং তা প্রকাশ্যে আসার উৎস।