T20 World Cup IND vs WI: বিরাটের হৃদয় জুড়লেন সঞ্জু! সেমিতে বাদ অভিষেক? বাজে ফিল্ডিংয়ে ‘গম্ভীর’ ওষুধ চাই
চূড়ান্ত নাটকীয়ভাবে শেষ হল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। যে ইডেনে এদিনের ম্যাচ হল, সেখানেই প্রথম সেমিফাইনাল হবে আগামী ৪ মার্চ। আর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। সঞ্জু স্যামসনের দুর্দান্ত ইনিংসে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে।
দশ বছর পরে বিরাট কোহলির ভাঙা হৃদয় জুড়লেন সঞ্জু স্যামসন। ২০১৬ সালের ৩১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত। আর তার প্রায় ১০ বছর পরে ২০২৬ সালের ১ মার্চ সেই ক্যারিবিয়ানদেরই ‘কোয়ার্টার ফাইনালে’ পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পেল টিম ইন্ডিয়া। আর ওয়াংখেড়ের সেই অভিশপ্ত রাত যে ইডেনে ফিরে এল না, সেটার নেপথ্যে আছেন সঞ্জু। যিনি ৫০ বলে ৯৭ রান করে অপরাজিত থাকলেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করার সময় ভারতের কোনও ব্যাটারের সর্বোচ্চ রান। তিনি ভেঙে দিলেন বিরাটের রেকর্ড। যিনি অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রান করেছিলেন।

কিন্তু সেই জয় সত্ত্বেও একাধিক প্রশ্ন থেকে গেল। বিশেষত সেমিফাইনালে এরকম জঘন্য ফিল্ডিংয়ের কী হবে? ইডেনে একাধিক ক্যাচ ফস্কালেন ভারতীয় ফিল্ডাররা। করতে পারলেন না রান-আউট।ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেই ক্ষত সামলে নিলেও সেমিতে কাজটা মোটেও সহজ হবে না। সেইসঙ্গে সহজ হবে না অভিষেক শর্মাকে খেলানোর সিদ্ধান্তও। ফর্মে না থাকা এক কথা। কিন্তু যেভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হচ্ছেন, তাতে তাঁকে সেমিতে বসানো হবে কিনা, তা নিয়ে ভাবতে হবে গৌতম গম্ভীরদের।
একই ওভারে জোড়া উইকেট নিয়ে 'ব্রেক' কষেন বুমরাহ
রবিবার ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। একটা সময় অবশ্য মনে হচ্ছিল যে ভারতকে ২২০-২৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে হবে। কিন্তু ১২ তম ওভারে তিন বলে দু'উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ইনিংসে লাগাম টানেন জসপ্রীত বুমরাহ। বিতর্কিত সিদ্ধান্তে ১২ বলে ২৭ রান করে আউট হয়ে যান শিমরন হেটমায়ার। আর ২৫ বলে ৪০ রান করে আউট হয়ে যান রস্টন চেজ।
শেষপর্যন্ত পঞ্চম উইকেটে ৩৫ বলে অপরাজিত ৭৬ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে প্রায় ২০০ রানের কাছে নিয়ে যান জেসন হোল্ডার এবং রোভম্যান পাওয়েল। ভারতের হয়ে দুটি উইকেট নেন বুমরাহ। তিনি চার ওভারে ৩৬ রান খরচ করেন। একটি করে উইকেট পান বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। দু'জনেই চার ওভারে ৪০ রান খরচ করেন।
লজ্জাজনক ব্যাটিং অভিষেকের, রান পাননি ইশানও
কিন্তু ইডেনের পিচে রানটা বেশি ছিল না। ভারতের যা ব্যাটিং লাইন-আপ এবং ওয়েস্ট ইন্ডিজের যা বোলিং লাইন-আপ, তাতে ১৮-১৯ ওভারের মধ্যেই টিম ইন্ডিয়া রান তাড়া করে নেবে বলেই আশা করেছিলেন বিশেষজ্ঞরা। সেই ভাবনায় প্রথমেই ধাক্কা দেন অভিষেক শর্মা। চরম দায়িত্বজ্ঞানহীনের মতো খেলে ১১ বলে ১০ রান করে আউট হয়ে যান। রান পাননি ইশান কিষানও। ছয় বলে ১০ রান করে ড্রেসিংরুমে ফিরে যান।
সঞ্জুর ‘মাস্টারক্লাস’ পারফরম্যান্স
আর তাঁদের ব্যর্থতার দিনে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন সঞ্জু। চতুর্থ উইকেটে সূর্যকুমার যাদবের সঙ্গে ৩৫ বলে ৫৮ রান যোগ করেন। তার মধ্যে ১৬ বলে ১৮ রান করেন সূর্য। আর ১৯ বলে ৩৫ রান করেন সঞ্জু। তারপর তিলক বর্মার সঙ্গে ২৬ লে ৪২ রান যোগ করেন। সেই জুটিতে অবশ্য আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন তিলক। ১৬ বলে ২৭ রান করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সূচি
১) প্রথম সেমিফাইনাল: দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, ৪ মার্চ, কলকাতা (ইজেন গার্ডেন্স), সন্ধ্যা ৭ টা।
২) দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম ভারত, ৫ মার্চ, মুম্বই (ওয়াংখেড়ে স্টেডিয়াম), সন্ধ্যা ৭ টা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


