Tata Steel World 25K 2026 Prize Money: প্রায় ১.৬২ কোটি টাকা পুরস্কারমূল্য কলকাতার ম্যারাথনে! কোন কোন তারকা নামছেন রেসে?

Tata Steel World 25K Kolkata 2026: ইসাইয়া কিপকোয়েচ লাসোই এবং দেগিতু আজিমেরাওরা নামছেন কলকাতার ম্যারাথনে। আগামী ২০ ডিসেম্বর টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-র ১১ তম সংস্করণে হবে। ইতিমধ্যে পুরস্কারমূল্য ঘোষণা করে দেওয়া হয়েছে আয়োজকদের তরফে।

Published on: Nov 27, 2026, 14:44:44 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Tata Steel World 25K Kolkata 2026: টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-র ১১ তম সংস্করণে একাধিক তারকা অ্যাথলিট নামছেন। এবারও পুরুষ ও মহিলা বিভাগে অংশ নিচ্ছেন বিশ্বের প্রথম সারির অ্যাথলিটরা। এবারের আসরে পুরুষ বিভাগে থাকছেন কেনিয়ার তারকা ইসাইয়া কিপকোয়েচ লাসোই। মহিলাদের বিভাগে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবেন গতবারের চ্যাম্পিয়ন ইথিওপিয়ার দেগিতু আজিমেরাও।

ইসাইয়া কিপকোয়েচ লাসোই এবং দেগিতু আজিমেরাওরা নামছেন কলকাতার ম্যারাথনে।
ইসাইয়া কিপকোয়েচ লাসোই এবং দেগিতু আজিমেরাওরা নামছেন কলকাতার ম্যারাথনে।

এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কার মূল্য রাখা হয়েছে ১,৭৪,২৯৬ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৬২ কোটি টাকা)। পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই সমান পুরস্কার অর্থ দেওয়া হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীরা পাবেন যথাক্রমে ১৫,০০০, ১০,০০০ এবং ৭,০০০ মার্কিন ডলার। এছাড়াও ইভেন্ট রেকর্ড ভাঙতে পারলে থাকছে অতিরিক্ত ৮,০০০ মার্কিন ডলারের বিশেষ বোনাস।

পুরুষ বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই

এবারের পুরুষদের বিভাগে সবচেয়ে দ্রুততম অ্যাথলিট হিসেবে নামছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্ল্যাটিনাম লেবেল দৌড়বিদ কেনিয়ার ইসাইয়া লাসোই। হাফ-ম্যারাথনে তাঁর ব্যক্তিগত সেরা সময় ৫৮ মিনিট ১০ সেকেন্ড, যা তিনি ২০২৪ সালে কোপেনহেগেনে করেছিলেন। চলতি বছরেই আমস্টারডাম ম্যারাথনে ২ ঘণ্টা ৪ মিনিট ৫৭ সেকেন্ড সময় করে সকলকে চমকে দিয়েছেন লাসোই। এছাড়াও গুয়াদালাহারা হাফ-ম্যারাথনে দ্বিতীয় এবং ২০২৫ সালে বস্টন হাফ-ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। কলকাতায় প্রথমবার ২৫ কিলোমিটার দৌড়ে নামার আগে লাসোই জানান, এই দূরত্বের দৌড়ে একটি স্মরণীয় অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন।

লাসোইকে কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ২০২৪ সালের এই ইভেন্টের চ্যাম্পিয়ন উগান্ডার স্টিফেন কিসা। দু'বছর আগে ১ ঘণ্টা ১২ মিনিট ৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে কলকাতায় সোনা জিতেছিলেন তিনি। তালিকায় রয়েছেন ২০২৬ বার্লিন ম্যারাথনে ব্রোঞ্জ পদকজয়ী তানজানিয়ার গ্যাব্রিয়েল জেরাল্ড গি। পাশাপাশি কেনিয়ার ব্রায়ান কিবর আকোতির (ব্যক্তিগত সেরা ৫৮:৩৯) এবং জেমস কিপকোগেই-ও (ব্যক্তিগত সেরা ৫৯:০৩) পদকের অন্যতম দাবিদার। প্রসঙ্গত, ২০২৩ সালে কেনিয়ার ড্যানিয়েল সিমিউ এবেনিও ১ ঘণ্টা ১১ মিনিট ১৩ সেকেন্ড সময় করে এই ইভেন্টের পুরুষদের রেকর্ড গড়েছিলেন, যা কিংবদন্তি এলিউড কিপচোগের বিশ্বসেরা সময়ের চেয়ে ৫ সেকেন্ড কম।

মহিলা বিভাগে রেকর্ড ভাঙার লক্ষ্য আজিমেরাওয়ের

মহিলাদের বিভাগে সবার নজর থাকবে গতবারের চ্যাম্পিয়ন ইথিওপিয়ার দেগিতু আজিমেরাওয়ের দিকে। গত বছর ১ ঘণ্টা ১৯ মিনিট ৩৬ সেকেন্ড সময় করে কলকাতায় খেতাব জিতেছিলেন তিনি। চলতি বছর লন্ডন ম্যারাথনে চতুর্থ স্থান অর্জন করে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ইথিওপিয় তারকা।

কলকাতায় ফেরা প্রসঙ্গে আজিমেরাও বলেন, গতবার তিনি অল্পের জন্য ইভেন্ট রেকর্ড হাতছাড়া করেছিলেন, তবে এবার সেই রেকর্ড স্পর্শ করার ব্যাপারে তিনি দারুণ আত্মবিশ্বাসী। উল্লেখ্য, ২০২৩ সালে ইথিওপিয়ার সুতুমে আসেফা কেবেদে ১ ঘণ্টা ১৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় করে মহিলাদের ইভেন্ট রেকর্ড গড়েছিলেন।

তবে আজিমেরাওয়ের পথ মোটেও মসৃণ হবে না। তাঁকে কড়া টক্কর দিতে নামছেন কেনিয়ার ইভালিন চিরচির এবং বিয়াট্রিস জেপচিরচির। হাফ-ম্যারাথনে ১ ঘণ্টা ৬ মিনিট ১ সেকেন্ড সেরা সময় নিয়ে চিরচির এবারের মহিলা বিভাগের দ্রুততম প্রতিযোগী। ২০২৬ দায়েগু ম্যারাথনে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

এছাড়াও লড়াইয়ে থাকবেন গতবারের তৃতীয় স্থানাধিকারী ইথিওপিয়ার মেসেলেচ আলেমায়েহু, প্রাক্তন কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন তথা ২০২৬ ওসাকা ম্যারাথন জয়ী উগান্ডার স্টেলা চেসাং, কেনিয়ার রেজিনা ওয়াম্বুই এনডুঙ্গু এবং লিসবন ম্যারাথন জয়ী মেসকেরেম মামো।

পুরুষদের বিভাগে কারা কারা নামছেন?

১) গ্যাব্রিয়েল জেরাল্ড গি (তানজানিয়া): ০০:৫৯:১৮

২) ইসাইয়া কিপকোয়েচ লাসোই (কেনিয়া): ০০:৫৮:১০

৩) ব্রায়ান কিবর আকোতির (কেনিয়া): ০০:৫৮:৩৯

৪) স্টিফেন কিসা (উগান্ডা): ০০:৫৮:৫৬

৫) জেমস কিপকোগেই (কেনিয়া): ০০:৫৯:০৩

৬) আতাকলতি কিদানু (ইথিওপিয়া): ০০:৫৯:৩৮

৭) টিমোথি কিপলাগাট (কেনিয়া): ০১:০১:০৬

৮) হালেফম তেসফাই (ইথিওপিয়া): ০১:০১:২০

৯) এরিক কিপলাঙ্গাট (কেনিয়া): ০১:০১:২৯

১০) কেভিন কেমোই (কেনিয়া): ০১:০১:৪৮

১১) ম্যাক্সন কিপনগেটিচ (কেনিয়া): ০১:০১:৫১

১২) আসবেল রুত্তো (কেনিয়া): ০১:০২:১৬

১৩) আলেমায়েহু মুলাতে (ইথিওপিয়া): ০১:০৫:০৩

১৪) ইমানুয়েল কিবেত (উগান্ডা): অভিষেক

১৫) মোদেস্তি কালিস্তি (তানজানিয়া): অভিষেক

১৬) এলিজা চেপতোয়েক (উগান্ডা): পেসার

১৭) লিওনার্দ কোয়েরিট (উগান্ডা): পেসার

মহিলাদের বিভাগে বিভাগে কারা কারা নামছেন?

১) ইভালিন চিরচির (কেনিয়া): ১:০৬:০১

২) দেগিতু আজিমেরাও (ইথিওপিয়া): ১:০৬:০৭

৩) বিয়াট্রিস জেপচিরচির চেসেরেক (কেনিয়া): ১:০৬:৪৮

৪) রেজিনা ওয়াম্বুই এনডুঙ্গু (কেনিয়া): ১:০৭:১০

৫) তিগিস্ত তেসেমা (ইথিওপিয়া): ১:০৭:২৩

৬) মেসেলেচ আলেমায়েহু (ইথিওপিয়া): ১:০৭:৪২

৭) স্টেলা চেসাং (উগান্ডা): ১:০৭:৫৯

৮) মেসকেরেম মামো (ইথিওপিয়া): ১:১০:৫৮

৯) তেকান বেরহে (ইথিওপিয়া): ১:১১:৫৭

১০) পাস্কালিন জেলাগাট (কেনিয়া): অভিষেক

১১) বেনার্ড চেপটোচ (উগান্ডা): পেসার